দৌলতদিয়া-পাটুরিয়ায় ৩ কিমি করে যানবাহনের সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ছবি: প্রথম আলো
ঘন কুয়াশায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ছবি: প্রথম আলো

ঘন কুয়াশায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাটে তিন কিলোমিটার করে যানবাহনের সারি সৃষ্টি হয়েছে। প্রচণ্ড শীতের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকেরা। গত বৃহস্পতিবার থেকেই ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। আজ শনিবারও অবস্থার উন্নতি হয়নি।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত ৫ ঘণ্টার বেশি রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ ছিল। আগের দিন বৃহস্পতিবার দিবাগত রাতেও ৭ ঘণ্টার মতো নৌযান বন্ধ ছিল। দুই দিনে ১২ ঘণ্টা নৌযান বন্ধ থাকায় উভয় ঘাটে যানজট তৈরি হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, শুক্রবার দিবাগত রাতে ফের ঘন কুয়াশা পড়তে থাকে। কুয়াশার কারণে নৌযান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। রাত বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। এর ভেতর অনেকটা ঝুঁকি নিয়েও ফেরি চলাচল অব্যাহত রাখা হয়। একপর্যায়ে কুয়াশার ঘনত্ব এতটাই বেশি হয় যে সামান্য দূরের কিছুই দেখা যাচ্ছিল না। তখন বাধ্য হয়ে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ রাত সাড়ে তিনটার দিকে দৌলতদিয়া প্রান্ত থেকে ফেরি ছাড়া বন্ধ করে দেয়। যদিও পাটুরিয়া ঘাট থেকে রাত তিনটা থেকেই ফেরি ছাড়া বন্ধ করে দেওয়া হয়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট-বড় চারটি ফেরি মাঝনদীতে গিয়ে কুয়াশার কবলে পড়লে বাধ্য হয়ে নোঙর করে থাকতে হয়।

আজ সকাল সাড়ে আটটার দিকে কুয়াশা হালকা হতে শুরু করলে উভয় ঘাট থেকে ফেরি ছাড়তে শুরু করে। ফেরি বন্ধ থাকার সুযোগে এ সময় স্থানীয় কিছু ট্রলার যাত্রী, মোটরসাইকেলসহ হালকা যান পারাপার করে। কুয়াশার ভেতর অনেকটা ঝুঁকি নিয়েই তাঁরা নদী পাড়ি দেন।

আজ সকালে দৌলতদিয়া ঘাটে দেখা যায়, চারটি ফেরিঘাটে ফেরি নোঙর করে রয়েছে। এর মধ্যে ৩ ও ৫ নম্বর ফেরিঘাটে দুটি, ৪ নম্বর ঘাটে একটি এবং ৩ নম্বর আপ ও ডাউনের ঘাটে আরও তিনটি ফেরি নোঙর করে আছে। এর অধিকাংশ ফেরিতে যানবাহন লোড করে ফেরি ছাড়তে শুরু করেছে। মাঝনদীতে আটকে থাকা ফেরিগুলো ঘাটে ভিড়তে শুরু করেছে। প্রতিটি ঘাটের কাছে সংযোগ সড়কসহ মহাসড়কে ফেরিতে ওঠার অপেক্ষায় থাকা নানা ধরনের গাড়ি সারি ধরে দাঁড়িয়ে আছে। এ ছাড়া ফেরিঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় তিন কিলোমিটার লম্বা ঢাকাগামী গাড়ির সারি।

খুলনা থেকে আসা ঢাকাগামী ঈগল পরিবহনের চালক শরিফুল ইসলাম বলেন, ‘৪২ জন যাত্রী নিয়ে শুক্রবার রাতে রওনা করেছি। রাত একটার দিকে ঘাটে এসে যানজটে আটকা পড়ি। প্রায় ৮ ঘণ্টা পর গাড়ির লাইন ফেরিঘাটের কাছে এসে পৌঁছে। দীর্ঘ সময় বাসে থাকায় কয়েকজন যাত্রী দ্রুত ঢাকা পৌঁছতে বিকল্প উপায়ে নদী পাড়ি দিতে বাস থেকে নেমে যান।’

ঈগল পরিবহনের আরেকটি বাসের প্রবীণ চালক বলেন, রাত গভীর হলে ঘাটে অনেক কিছুই ঘটে। তখন যাত্রীবাহী বাস রেখে সুযোগ পেলেই পণ্যবাহী গাড়ি আগে পার করার চেষ্টা করে ঘাটসংশ্লিষ্ট কিছু ব্যক্তি। এদিকটায় সবার নজর দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

এদিকে সকালে দেখা যায়, আগেভাগে নদী পাড়ি দেওয়ার জন্য কেউ কেউ ইঞ্জিনচালিত ট্রলারে করে নদী পাড়ি দিচ্ছেন।

পাটুরিয়া ঘাট থেকে নদী পাড়ি দিয়ে আসা যাত্রী রুহুল আমিন বলেন, ‘যশোরে জরুরি কাজ থাকায় ছোট বোনকে সঙ্গে নিয়ে ঘাট থেকে ট্রলারে উঠে পড়ি। কুয়াশার মধ্যে কিছুটা ঝুঁকি থাকলেও জরুরি প্রয়োজন, তাই জনপ্রতি ৫০ টাকা করে ভাড়া দিয়ে নদী পাড়ি দিই।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রনি বলেন, এই নৌপথে ১৬টি ফেরির মধ্যে চলছে ১৪টি। ডিসেম্বর মাসে অধিকাংশ মানুষ ছুটিতে বেড়াতে যাচ্ছে। সেই সঙ্গে ঢাকায় আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে অতিরিক্ত গাড়ি আসায় ঘাটে গাড়ির চাপ রয়েছে।