দৌলতদিয়া ফেরিঘাট নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে গতকাল বুধবার সকাল ৬টায় বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আগামী চার-পাঁচ দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকলে দৌলতদিয়া ফেরিঘাট তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ অনেকটা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৬টি ফেরি চললেও ইঞ্জিনে ত্রুটির কারণে মঙ্গলবার মধ্যরাতে দুটি ছোট ফেরি বিকল হওয়ায় পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতীতে রাখা হয়। এর আগে দুই সপ্তাহ ধরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং গত শনিবার থেকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের দুটি রো রো (বড়) ফেরি বিকল হয়ে মধুমতীতে রয়েছে। বর্তমানে এই নৌপথে ছোট-বড় ১২টি ফেরি চলছে। ফেরি-সংকটের পাশাপাশি ভরা নদীতে প্রচণ্ড স্রোত থাকায় আগের তুলনায় নদী পাড়ি দিতে ফেরির দ্বিগুণের বেশি সময় লাগছে। আগে যেখানে লাগত ৩০ থেকে ৩৫ মিনিট, বর্তমানে লাগছে এক থেকে দেড় ঘণ্টা। এ ছাড়া দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটের র‍্যাম্পের মাথা তলিয়ে যাওয়ায় গত সোমবার মধ্যরাতে বন্ধ করে দেয়। সেটিকে সাবেক ২ নম্বর ঘাটে স্থানান্তরিত করলে মঙ্গলবার সন্ধ্যার পর চালু হয়। এসব কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটে শত শত গাড়ি আটকা পড়ছে।

গতকাল দুপুরে দেখা যায়, ২, ৩ ও ৪ নম্বর ঘাটের সংযোগ সড়ক থেকে পানির স্তরের ব্যবধান দেড় থেকে দুই ফুট। তবে নতুন ১ নম্বর ঘাট নদী থেকে প্রায় তিন ফুট ওপরে রয়েছে। ঘাট এলাকায় ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চারটি ঘাটের প্রয়োজনীয় স্থানে বালুভর্তি জিও ব্যাগ ফেলছে। এভাবে ঝুঁকি নিয়ে তিনটি ঘাট দিয়ে ফেরিতে গাড়ি ওঠানামা করছে। গাড়ি ঠিকমতো পার হতে না পেরে ফেরিঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ইমাম বাড়া শরীফ পর্যন্ত প্রায় চার কিলোমিটার লম্বা লাইনে শুধু পণ্যবাহী গাড়ি রয়েছে। পাশাপাশি প্রায় তিন কিলোমিটার লম্বা শুধু যাত্রীবাহী বাস ও অন্যান্য জরুরি গাড়ি রয়েছে।

ঈগল পরিবহনের দৌলতদিয়া ঘাটের তত্ত্বাবধায়ক ভরত মণ্ডল গতকাল বিকেলে জানান, ঈগলের প্রায় ৯-১০টি গাড়ি ৪ থেকে ৫ ঘণ্টা করে আটকে রয়েছে। এ রকম বিভিন্ন কোম্পানির মিলে দেড় শতাধিক যাত্রীবাহী বাস ও তিন শতাধিক পণ্যবাহী গাড়ি লাইনে থাকার কথা জানান। দীর্ঘক্ষণ আটকে থাকায় যাত্রীসাধারণ দুর্ভোগের শিকার হচ্ছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) একাধিক কর্তাব্যক্তি জানান, এভাবে ৪-৫ দিন বাড়তে থাকলে দৌলতদিয়া ফেরিঘাট তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ঘাট থেকে পানির স্তরের ব্যবধান রয়েছে দেড় থেকে দুই ফুট। দুই ফুট পানি বাড়লেই উঁচুস্তরের ঘাটগুলো তলিয়ে যাবে। এতে ঘাট দুর্বল হয়ে ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিকল্প হিসেবে নতুন চালু হওয়া ১ নম্বর ঘাট থাকতে পারে। তিন ফুটের মতো পানি বাড়লে সেটিও তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন। কিন্তু এখন পর্যন্ত প্রতিরোধমূলক কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ভরা নদীতে প্রচণ্ড স্রোত থাকায় ফেরি পাড়ি দিতে আগের থেকে দ্বিগুণের বেশি সময় লাগছে। এ ছাড়া মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দুটি ছোট ফেরি ইঞ্জিন সমস্যায় বিকল ও আগে আরও দুটি বড় ফেরি বিকল থাকায় ফেরির সংকট দেখা দিয়েছে। চার-পাঁচ দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ফেরি পারাপারে বিপর্যয় দেখা দিতে পারে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচার উপসহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, আর দুই ফুটের মতো পানি বাড়লে পাকা সড়ক তলিয়ে যাবে। এতে যানবাহন পারাপারে সমস্যা দেখা দিতে পারে। তবে ঘাট সচল রাখতে শেষ পর্যন্ত তাঁরা চেষ্টা চালিয়ে যাবেন।