দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন করলেন একদল প্রকৌশলী
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকা গতকাল সোমবার পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একদল প্রকৌশলী। তাঁরা ফেরিঘাট এলাকার ভাঙন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই ও কোনো ঘাট ঝুঁকিতে নেই বলেও দাবি করেন।
এর আগে ফেরিঘাট এলাকার ভাঙন নিয়ে গত শুক্রবার প্রথম আলোর শেষ পাতায় ‘দৌলতদিয়ায় পদ্মার ভাঙনের ঝুঁকিতে চারটি ফেরিঘাট’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন নিয়ে বিআইডব্লিউটিসি থেকে বিআইডব্লিউটিএ এবং জেলা প্রশাসনকে একাধিকবার চিঠি দেওয়া হয়। সারা দেশের ঘাটচিত্র নিয়ে রোববার ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ে মন্ত্রী, সংশ্লিষ্ট দপ্তরের সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠকে ঈদের আগে বা আসছে বর্ষা মৌসুমে সব কটি ঘাট সচল রাখা ও সব ধরনের প্রস্তুতি রাখতে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনার আলোকে গতকাল দুপুরে বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী মাহিদুল ইসলাম, উপপ্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামান, আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন পাঠানসহ একটি দল দৌলতদিয়ার সব কটি ঘাট পরিদর্শন করে দুপুরে ফিরে যায়।