রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে চারটির মধ্যে দুটি ঘাট গত দুই দিনে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। একটি ঘাটের ব্যবহার করা যাচ্ছে একাংশ। আর অপর ঘাটটি এক মাস বন্ধ থাকার পর গতকাল সোমবার পরীক্ষামূলকভাবে চালু করা হলেও তা পুরো মাত্রায় ব্যবহার করা যাচ্ছে না।
এই অবস্থায় আবারও কার্যত অচল হয়ে পড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ। দুই পাড়ে আটকা পড়ছে শত শত যানবাহন। ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে। ভাঙনের কারণে মাস খানেক আগেও দু-তিনটি ঘাট বন্ধ হয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, পদ্মায় তীব্র স্রোতের ফলে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ফলে পাড় ভেঙে ঘাটগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। ২ ও ৪ নম্বর ঘাট পুরোপুরি বন্ধ হয়ে গেছে গত দুদিনে। ৩ নম্বর ঘাটের একাংশ দিয়ে যানবাহন ফেরিতে ওঠানামা করছে। ১ ও ২ নম্বর ঘাটের মধ্যে দূরত্ব ৫০০ গজ। এ দুটি ঘাটের মাঝখানে পদ্মা নদীর কয়েক শ গজ ভেতরে দক্ষিণ-পশ্চিম দিকে নতুনপাড়া (জয়দার মন্ডলপাড়া) নামে একটি চর ছিল। এবারের বর্ষায় চরটি ভেঙে যাওয়ায় পদ্মার ঢেউ সরাসরি এসে ১ ও ২ নম্বর ঘাটে ধাক্কা দিচ্ছে। তাই এ দুটি ঘাট সব সময়ই ঝুঁকিতে থাকছে।
স্থানীয় সূত্র জানায়, এ দুটি ঘাটের মধ্যে দীর্ঘদিন ধরে এই ফাটলের কথা কর্তৃপক্ষও জানে। কিন্তু ফাটল রোধে তেমন কোনো উদ্যোগ না নেওয়ায় ভোগান্তি বেড়েই চলেছে। গত রোববার রাত ১০টা থেকে গতকাল দুপুর পর্যন্ত শুধু ৩ নম্বর ঘাটের আংশিক চালু ছিল।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শাহ আলম বলেন, গত ৬ আগস্ট থেকে বন্ধ থাকা দৌলতদিয়ার ১ নম্বর ঘাটটি গতকাল দুপুরে চালু হয়েছে। ৩ নম্বর ঘাটের তিনটি পকেটের (যেখানে ফেরি ভেড়ে) মধ্যে দুটি চালু রয়েছে। দুই পকেট দিয়ে ফেরিতে গাড়ি ওঠা-নামা করছে। ৪ নম্বর ঘাটের র্যামের ফিঙ্গার (কব্জা) গতকাল সকালে ভেঙে যাওয়ায় ওই ঘাট দিয়ে পারাপার বন্ধ রয়েছে।
গতকাল বেলা একটার দিকে ঘাটে গিয়ে দৌলতদিয়ার ক্যানাল ঘাট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কে কয়েক শ গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে গাড়ির লাইনও বেড়ে যায়। ৪ নম্বর ঘাটে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা ইউটিলিটি ফেরি ‘শাপলা শালুক’-এর প্রধান মাস্টার ইলিয়াস আহমেদ বলেন, ‘ঘাট না পেয়ে দেড় ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষায় আছি।’
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৯টির মধ্যে ১৬টি ফেরি সচল রয়েছে। কিন্তু ঘাট সংকটের কারণে ফেরি ঠিকমতো চলতে পারছে না।