দৌলতদিয়া ফেরিঘাটে পশুর ট্রাকে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিন পর পবিত্র ঈদুল আজহা। তাই হাটে বিক্রির উদ্দেশ্যে ট্রলারে কোরবানির পশু তোলা হচ্ছে। গতকাল সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে তোলা ছবি  প্রথম আলো
তিন দিন পর পবিত্র ঈদুল আজহা। তাই হাটে বিক্রির উদ্দেশ্যে ট্রলারে কোরবানির পশু তোলা হচ্ছে। গতকাল সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে তোলা ছবি প্রথম আলো

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সিন্ডিকেট করে কোরবানির পশুবাহী ট্রাক থেকে গণহারে চাঁদাবাজি করা হচ্ছে। ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় স্থানীয় প্রভাবশালী চক্র চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ উপলক্ষে কয়েক দিন ধরে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশে গরু, মহিষ ও ছাগলবাহী ট্রাক আসতে শুরু করেছে। তবে বুধবার থেকে পশুবাহী ট্রাকের সংখ্যা অনেক বেড়ে গেছে। এসব ট্রাক থেকে চাঁদাবাজির মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় স্থানীয় প্রভাবশালী চক্র। কুষ্টিয়া থেকে আসা গাবতলীগামী একটি ট্রাকের চালক নাজিম শেখ বেলা ১১টার দিকে ঘাটে পৌঁছার পর টিকিট কাউন্টারে গেলে দালালদের চাপাচাপিতে ফেরির টিকিট সংগ্রহ করতে ব্যর্থ হন। পরে ইন্তাজুল নামের ঘাটের এক দালালের মাধ্যমে এক হাজার ৬০ টাকার টিকিট এক হাজার ৭০০ টাকায় সংগ্রহ করেন। পথে আরেক দালালকে ২০০ টাকা বকশিশও দিতে হয়। একই এলাকা থেকে আসা অন্য একটি ট্রাকের চালক মজিবর রহমান দালালের মাধ্যমে এক হাজার ৯০০ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করেন।
কয়েকজন ট্রাকচালকের অভিযোগ, বাড়তি টাকা (চাঁদা) দেওয়া ছাড়া কোনো ট্রাকই ফেরির নাগাল পাচ্ছে না। প্রতিদিন দুই থেকে আড়াই লাখ টাকা চাঁদা নেওয়া হচ্ছে। পরে ক্ষমতাসীন দলের নেতা, পুলিশ কর্মকর্তা ও দালালেরা চাঁদার টাকা ভাগ-বাঁটোয়ারা করে নেন।
বিআইডব্লিউটিসির একটি সূত্র জানায়, বিগত বছরগুলোতে ঈদের আগে ফেরিঘাটের বুকিং কাউন্টারের সামনে পুলিশের ব্যাপক তৎপরতা ছিল। কিন্তু এবার সে ধরনের তৎপরতা চোখে পড়ছে না। গত বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে গতকাল শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট প্রায় আড়াই হাজার গাড়ি পার হয়। এর মধ্যে কোরবানির পশুবাহী ট্রাক ছিল ৫৫৩টি।
গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডল এবং দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল গতকাল প্রথম আলোকে বলেন, ‘পরিবহন বা ট্রাকের মালিকপক্ষের নিয়োগকৃত কিছু লোক টিকিট কেটে থাকে বলে জানি। এর সঙ্গে সরকারদলীয় বা আমাদের নিজস্ব কোনো লোক জড়িত নয়। তবে কারও বিরুদ্ধে চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে আরও দুটি বড় ফেরি দরকার বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তা ছাড়া যানবাহনের দীর্ঘ সারিতে আটকা পড়ায় অনেক গরু অসুস্থ হয়ে পড়ছে বলে জানিয়েছেন গরুর পাইকারেরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, ঘাটের দুই পারেই যানবাহনের চাপ রয়েছে। কাউন্টারের সামনে বাড়তি নিরাপত্তা চেয়ে বুধবার লিখিতভাবে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে। তবে চাঁদাবাজির প্রসঙ্গে তিনি মন্তব্য করতে রাজি হননি।
পুলিশ সুপার মো. রেজাউল হক বলেন, কারও বিরুদ্ধে পশুবাহী গাড়ি থেকে চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।