দৌলতদিয়া ফেরিঘাটে ২১ জেলার ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় প্রত্যাহার করা হয়েছে। রাজবাড়ীর জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে এক সমঝোতা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।রাজবাড়ীর জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারীর সঙ্গে বিকেল সোয়া তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আলোচনার পর এ সিদ্ধান্ত জানানো হয়।বৈঠক সূত্রে জানা যায়, বিকেল সোয়া তিনটায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক বসে চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ এবং যানজট নিরসনসহ অন্যান্য দাবি বাস্তবায়নে যাবতীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে বাস মালিক ও শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। বৈঠক শেষে খুলনা বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক আবদুল রহিম বকস সাংবাদিকদের জানান, ‘আমাদের দাবি জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূরণের আশ্বাস দিয়েছেন। তাই আমরা ধর্মঘট প্রত্যাহার করছি।’জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারীর সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম শামিমূল সিদ্দিকী, পুলিশ সুপার রেজাউল হক, রাজবাড়ী জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায়, বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (এজিএম) নাছির মোহামঞ্চদ চৌধুরী, চুয়াডাঙ্গা মালিক-শ্রমিক ফেডারেশনের সভাপতি এম জেনারেল ইসলাম, রাজবাড়ী বাস মালিক গ্রুপের সভাপতি আক্তারুজ্জামান হাসান, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবদুল কুদ্দুস খান উপস্থিত ছিলেন।দৌলতদিয়া ফেরিঘাটে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ ও যানজট নিরসনসহ ছয় দফা দাবিতে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের ২১ জেলার পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ রোববার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটে যাত্রীদের ভোগান্তি: ধর্মঘটের কারণে দৌলতদিয়া ফেরিঘাটে গতকাল যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। দূরপাল্লার কোনো বাস না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ট্রাক ও লোকাল বাসে করে অতিরিক্ত ভাড়া দিয়ে তাদের গন্তব্যে যেতে হয়। গতকাল দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, মাত্র ২০-৩০টি ট্রাক ফেরিঘাটের কাছে অবস্থান করছে। অথচ অন্য সময় ফেরিঘাটে দুই-তিন কিলোমিটার যানজট দেখা দেয়। বাস টার্মিনালও ছিল প্রায় ফাঁকা। তবে দু-চারটি লোকাল বাস দেখা গেছে। ঘাটে গাড়ির চাপ না থাকায় বুকিং কাউন্টারের সামনে পুলিশ সদস্যদের দাবা খেলে সময় কাটাতে দেখা গেছে। বাস টার্মিনালে দালালদের উপস্থিতি ছিল না বললেই চলে। তবে কিছু দালালকে কমিশনের ভিত্তিতে লোকাল বাস ও ট্রাকে যাত্রী তুলে দিতে দেখা গেছে। এ সময় কথা হয় ঢাকার বেসরকারি একটি কোম্পানিতে কর্মরত বাদল মোল্যার সঙ্গে। তিনি জানান, গোপালগঞ্জের উদ্দেশে সকালে তিনি ঢাকা থেকে রওনা দেন। বেলা আড়াইটার দিকে দৌলতদিয়ায় পৌঁছে দেখেন, গাড়ি নেই। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর অতিরিক্ত ভাড়া দিয়ে ফরিদপুরগামী একটি লোকাল বাসে করে তিনি গন্তব্যের উদ্দেশে রওনা দেন। বাবার অসুস্থতার খবর পেয়ে ঢাকা থেকে বাড়ি যাচ্ছিলেন যশোরের বিলকিস বেগম। ঢাকার একটি পোশাক কারখানার এই শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঘাটে বাস নেই। লক্কড়ঝক্কড় বাসে করে বেশি টাকা দিয়ে যাওয়া ছাড়া উপায় কী?’ তিনি জানান, অন্য সময় দৌলতদিয়া থেকে যশোরের ভাড়া লাগে ১৮০ থেকে ২০০ টাকা। কিন্তু তাঁকে এখন গুনতে হচ্ছে দ্বিগুণ, ৪০০ টাকা।