দৌলতদিয়া ফেরিঘাটে ২১ জেলার বাস ধর্মঘট
দৌলতদিয়া ফেরিঘাটে চাঁদাবাজি, পুলিশি হয়রানি বন্ধ, যানজট নিরসনসহ ছয় দফা দাবিতে গতকাল রোববার থেকে ওই পথে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের ২১ জেলার বাসমালিক ও শ্রমিকেরা যৌথভাবে এ ধর্মঘটের ডাক দিয়েছেন। যশোর আন্তজেলা বাস সিন্ডিকেট কার্যালয়ে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির এক সংবাদ সম্মেলনে গত শনিবার এ কর্মসূচি দেওয়া হয়। সমিতির সভাপতি আজিজুল আলম বলেন, দীর্ঘদিন ধরে দৌলতদিয়া ফেরিঘাটে পুলিশ ও দালালদের চাঁদাবাজি এবং শ্রমিকদের ওপর নির্যাতন চলছে। বিষয়টি বারবার সংশ্লিষ্টদের জানালেও তা বন্ধ হয়নি। এতে বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজিজুল আলম বলেন, খুলনা বিভাগের ১০ জেলা, বরিশালের ছয় জেলা ও ঢাকা বিভাগের পাঁচ জেলার বাসমালিক ও শ্রমিকেরা ধর্মঘট পালন করছেন। এসব জেলার কোনো বাস দৌলতদিয়া ফেরিঘাট পার হবে না। ছয় দফা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।বরিশাল নথুল্লাবাদ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, ধর্মঘটের কারণে আরিচা রুট বন্ধ থাকলেও বরিশাল-মাওয়া রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আন্তজেলা বাস চলাচলও স্বাভাবিক রয়েছে।খুলনা বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম বক্স প্রথম আলোকে বলেন, কাল (আজ সোমবার) বিকেল তিনটায় রাজবাড়ীর জেলা প্রশাসক একটি সভা ডেকেছেন। ওই সভায় পরিবহন মালিক-শ্রমিকেরা যোগ দেবেন। সভায় ইতিবাচক সিদ্ধান্ত হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে।প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের বরিশাল অফিস, বাগেরহাট, রাজবাড়ী ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।