দৌলতদিয়া ফেরিঘাটের সড়কে খানাখন্দ, যান চলাচল ব্যাহত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার দুটি ফেরিঘাটের সংযোগ সড়কে খানাখন্দ থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। মাঝেমধ্যে গর্তে পড়ে উল্টে যাচ্ছে পণ্যবাহী গাড়ি; ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন।বিআইডব্লিউটিসি ও ঘাট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দৌলতদিয়ার ১ ও ২ নম্বর ফেরিঘাট দুটির সংযোগ সড়কের অবস্থা নাজুক। এ কারণে ফেরি থেকে যানবাহন নামিয়ে সড়কে ওঠানোর সময় এবং সড়ক থেকে ফেরিতে ওঠানোর সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। পণ্যবাহী গাড়ি সড়কের গর্তে উল্টে পড়ে গেলে সড়ক বন্ধ হয়ে যায়। তখন ফেরিতে গাড়ি ওঠানো-নামানো বন্ধ হয়ে যায়।যশোর থেকে ঢাকাগামী পণ্যবোঝাই ট্রাকের চালক আবদুল আহাদ জানান, ১ ও ২ নম্বর ফেরিঘাট দিয়ে ফেরিতে ওঠানোর সময় সংযোগ সড়কের গর্তে পড়ে একাধিকবার তাঁর গাড়ির ক্ষতি হয়েছে।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) খন্দকার তানভির আহম্মেদ জানান, তিনটি ফেরিঘাটের মধ্যে ১ ও ২ নম্বর ঘাটের সংযোগ সড়কের অধিকাংশ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। ৩ নম্বর ঘাটটি বিআইডব্লিউটিএর। এর মধ্যে ১ ও ২ নম্বর ঘাটের সংযোগ সড়কের অবস্থা খুবই খারাপ। মাঝেমধ্যে খানাখন্দে পড়ে যানবাহন উল্টে যায়। তাতে অনেক সময় ফেরিতে যানবাহন ওঠানো-নামানো বন্ধ হয়ে যায়।বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের বন্দর কর্মকর্তা কবির হোসেন জানান, ফেরিঘাট দুটির উল্লেখযোগ্য অংশ সওজের। ফেরির পন্টুনের সামনে সড়কের মাথার অংশটুকু বিআইডব্লিউটিএর। ওই অংশটুকুসহ সড়কের অন্যান্য কাজ আগামী সপ্তাহে শুরু করার সম্ভাবনা আছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছরোয়ার হোসেন জানান, ফেরিঘাটের তিনটি সড়কের অবস্থা বেহাল। এর মধ্যে ১ ও ২ নম্বর ঘাটের সংযোগ সড়ক জরাজীর্ণ হওয়ায় গাড়ি নিয়ে চলতে গেলে সমস্যায় পড়তে হয়। এ ব্যাপারে সওজের নির্বাহী প্রকৌশলীকে মৌখিকভাবে একাধিকবার অনুরোধ করলেও ব্যবস্থা না নেওয়ায় গত সপ্তাহে চিঠি দিয়ে জরুরিভাবে সড়ক দুটি মেরামত করার জন্য অনুরোধ জানিয়েছি।সওজ রাজবাড়ীর উপসহকারী প্রকৌশলী ও ঘাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, মাঝেমধ্যে ভাঙা ইট আর বালু দিয়ে মেরামত করা হলেও ভারী যানবাহন চলাচল করায় সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে দরপত্র আহ্বানের মাধ্যমে সড়কের কার্পেটিং ছাড়া কাজ করে কোনো লাভ নেই। প্রয়োজনীয় অর্থ না থাকায় আপাতত দরপত্র আহ্বান করা সম্ভব হচ্ছে না।