দৌলতদিয়া ফেরিঘাটের ৪০ ফুট পদ্মায় বিলীন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার সাবেক ২ ও ৩ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী এলাকার প্রায় ৪০ ফুট অংশ গত দুই দিনে বালুভর্তি জিও ব্যাগসহ পদ্মায় বিলীন হয়েছে। আজ বুধবার সকালে দুই ঘণ্টার বেশি সময় ৩ নম্বর ঘাট বন্ধ রেখে সংস্কারকাজ করেছে। রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড বালুভর্তি জিও ব্যাগ ফেলে ঘাট রক্ষার কাজ করছে। ভাঙন অব্যাহত থাকায় ৩ ও ৪ নম্বর ঘাট ঝুঁকির মধ্যে রয়েছে।
আজ দুপুরে দেখা যায়, দৌলতদিয়ার ২ নম্বর থেকে ৪ নম্বর ঘাট পর্যন্ত ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের নিয়োজিত ঠিকাদারের শ্রমিকেরা বালুভর্তি জিও ব্যাগ ফেলছে। সাবেক ২ ও ৩ নম্বর ঘাটের মাঝে সিদ্দিক কাজী পাড়ার বেশ কিছু এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলা হলেও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নতুন করে সেখানে বালুভর্তি জিও ব্যাগ ফেলানোর জন্য শ্রমিকেরা কাজ করছেন। ট্রাকে করে নদীর কিনারে বালু এনে ফেলা হচ্ছে। শ্রমিকেরা দ্রুত ওই বালু জিও ব্যাগে ভরাটের কাজ করছেন। একই সঙ্গে অন্য শ্রমিকেরা বালুভর্তি বস্তাগুলো ইঞ্জিনচালিত ট্রলারে করে ভাঙন এলাকায় ফেলানোর প্রস্তুতি নিচ্ছেন।
ফেরিঘাট-সংলগ্ন সিদ্দিক কাজী পাড়ার আনছের আলী, নুরু শেখসহ কয়েকজন জানান, সোমবার মধ্যরাত পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। পরদিন মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখি নদীর পাড়ের অনেক এলাকা বালুভর্তি জিও ব্যাগসহ সবকিছু পদ্মায় বিলীন হয়েছে। সেখানে অন্তত ৩০০ বস্তা বালুভর্তি জিও ব্যাগ ফেলানো ছিল। ভারী বৃষ্টির কারণে পরদিন রাতেও প্রায় ১০ থেকে ১৫ ফুটের মতো এলাকা পদ্মায় বিলীন হয়েছে।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মণ্ডল বলেন, পদ্মার ভাঙন অব্যাহত রয়েছে। মাঝেমধ্যে ভাঙনের মাত্রা বেড়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের নির্দেশে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকেরা বালুভর্তি জিও ব্যাগ ফেলছে। ভারী বৃষ্টির কারণে গত দুই দিনে সাবেক ২ ও ৩ নম্বর ফেরিঘাটের মাঝের সিদ্দিক কাজী পাড়া এলাকায় অন্তত ৪০ ফুট জায়গা ৩০০ জিও ব্যাগসহ নদীতে বিলীন হয়েছে। ভাঙন ঠেকাতে এখনো বালুভর্তি জিও ব্যাগ ফেলানো হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘ভাঙন অব্যাহত থাকায় ৩ ও ৪ নম্বর ঘাট খুবই ঝুঁকির মধ্যে রয়েছে। যেকোনো সময় ঘাট দুটি বন্ধ হয়ে যেতে পারে।’ তিনি বলেন, নদীর পানি কমতে থাকায় আজ সকাল নয়টা থেকে ৩ নম্বর ঘাট বন্ধ রেখে হাইওয়াটার লেভেল (উচ্চ স্তর) থেকে নামিয়ে মিড ওয়াটার লেভেল (মধ্যবর্তী স্তরে) নামানো হয়েছে। দুই ঘণ্টা পর বেলা ১১টার পর থেকে ঘাটটি চালু করা হয়।
পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ীর উপবিভাগীয় প্রকৌশলী এস এম নূরন্নবী গতকাল বুধবার বেলা সোয়া দুইটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ৯৬০ প্রাথমিকভাবে প্রায় ১ লাখ ২৫ হাজার বালুভর্তি জিও ব্যাগ ফেলার অনুমোদন হয়েছে। এতে ব্যয় হবে প্রায় ৫ কোটি ২২ লাখ টাকা। স্থানীয় পাঁচজন ঠিকাদারের মাধ্যমে ১৫ জুলাই থেকে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। গত মঙ্গলবার পর্যন্ত প্রায় ২৮ হাজার বস্তা ফেলানো হয়েছে। জিও ব্যাগ ফেলার কাজ অব্যাহত থাকবে।