দৌলতদিয়া যৌনপল্লি থেকে পোশাকশ্রমিক উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ মঙ্গলবার উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে এক পোশাকশ্রমিককে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাজমা বেগম (৫০) নামের এক বাড়িওয়ালিকে গ্রেপ্তার করা হয়েছে।গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) শামিনুল হক জানান, বাগেরহাটের রামপাল উপজেলার এক তরুণী (২০) গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। এক সপ্তাহ আগে ওই কিশোরী ঢাকার মিরপুরের এক নম্বর শাহ আলী মাজারের কাছে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। বাসা থেকে বের হয়ে মাজারের কাছে আসার পর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় আসাদুল নামে এক ব্যক্তি তাঁকে উদ্ধার করে । পরে ওই ব্যক্তি তাঁকে দৌলতদিয়া যৌনপল্লির নাজমা বাড়িওয়ালির কাছে বিক্রি করে দেয়। গোয়ালন্দ ঘাট থানার পুলিশ আরও জানায়, ওই কিশোরী একপর্যায়ে মুঠোফোনে বিষয়টি তাঁর বাবাকে জানান। কিশোরীর বাবা গোয়ালন্দ ঘাট থানায় বিষয়টি জানান। পরে ওই থানার পরিদর্শক (তদন্ত) আবদুল কাদেরের নেতৃত্বে একদল পুলিশ যৌনপল্লিতে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। এ সময় তারা বাড়িওয়ালি নাজমাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। কিশোরীকে মঙ্গলবার রাতেই তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।