দৌলতদিয়া যৌনপল্লি থেকে স্কুলছাত্রী উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার পুলিশ গতকাল শনিবার দৌলতদিয়া যৌনপল্লি থেকে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে। গোয়ালন্দঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস খান উদ্ধার হওয়া স্কুলছাত্রীর বরাত দিয়ে জানান, প্রায় দেড় মাস আগে সাতক্ষীরার কলারোয়া উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীপড়ুয়া ওই ছাত্রী (১৫) অভিমান করে বাড়ি থেকে বের হয়ে গাজীপুরে তার চাচাতো বোনের (গার্মেন্টসে কাজ করেন) উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে স্থানীয় এক দোকানদারের সাহায্য চাইতে গেলে তাকে বোনের বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে একটি মিষ্টির দোকানে নিয়ে মিষ্টির সঙ্গে নেশাজাতীয় কিছু পান করিয়ে অচেতন করে ফেলে। সেখান থেকে তাকে মিরপুরে নিয়ে একটি বাসায় আটকে রেখে পাশবিক নির্যাতন চালায়। পরে প্রায় ১৫ দিন আগে ওই কিশোরীকে দৌলতদিয়া যৌনপল্লির রুপা বেগম নামের এক বাড়িওয়ালির কাছে বিক্রি করে দেয়। এরপর তাকে দিয়ে জোরপূর্বক অনৈতিক কাজ করতে বাধ্য করা হয়। গত শুক্রবার গাইবান্ধার এক যুবক ওই কিশোরীর ঘরে প্রবেশ করলে বিষয়টি তার পরিবারের কাছে জানানোর জন্য অনুরোধ জানায়। এরপর গতকাল শনিবার সকালে ওই কিশোরীর বাবা গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি অবহিত করলে পুলিশ দুপুরের দিকে অভিযান চালিয়ে রুপা বাড়িওয়ালির বাড়ি থেকে তাকে উদ্ধার করে। তবে এ সময় রুপা বাড়িওয়ালি বাড়িতে ছিলেন না।এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে গোয়ালন্দঘাট থানায় রুপা বাড়িওয়ালিকে আসামি করে একটি মামলা করেছেন।স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আমি গরিব মানুষ। তিনটা মেয়ের মধ্যে বড় মেয়ে এটা। লেখাপড়া করতে চায়। আমি খরচ দিতে পারি না। প্রায় দেড় মাস আগে আমি রাগ করে ওকে বলেছি এখন কাজ করে খাগে। তাই মেয়েটা অভিমান করে বাড়িতে না জানিয়ে গার্মেন্টসে কাজ করার জন্য ওর চাচাতো বোনের কাছে চলে যায়। এরপর আর কোনো খবর নাই। গাইবান্ধার একটা লোক ফোন করায় ওর খবর জানতে পারছি।’