দৌলতদিয়া যৌনপল্লিতে করোনার টিকা পেলেন ৪০০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে যৌনপল্লির বাসিন্দাদের করোনার টিকা দেওয়া হয়েছে। বুধবার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার যৌনপল্লি এলাকায়
ছবি: এম রাশেদুল হক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়ার যৌনপল্লির নারীদের করোনার গণটিকা দেওয়া হয়েছে। বুধবার গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে এই টিকাদান কর্মসূচি চালানো হয়। গণটিকা কর্মসূচির অংশ হিসেবে যৌনপল্লিসংলগ্ন গণস্বাস্থ্য কেন্দ্রে যৌনকর্মীসহ ৪০০ জনকে এই টিকা দেওয়া হয়েছে।

বুধবার সকাল ১০টায় টিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক। এ সময় অন্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন। সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত এই কার্যক্রম চলে। দুপুরে এ কার্যক্রম পরিদর্শন করেন জেলা সিভিল সার্জন মো. ইব্রাহিম টিটন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মাহজাবীন চৌধুরী, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মো. জুলফিকার আলী, চিকিৎসা কর্মকর্তা সৌরভ কুমার বিশ্বাস, তনিমা ইয়াসমিন, পায়াক্ট বাংলাদেশের স্থানীয় কার্যালয়ের ব্যবস্থাপক মজিবুর রহমান, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম, লাইট হাউজ সমিতির ব্যবস্থাপক খালেদা আক্তার প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, প্রথমে ৩০০ জনকে করোনার টিকা দেওয়ার লক্ষ্য ছিল। পরে নিবন্ধন বেশি হওয়ায় তিন শতাধিক যৌনকর্মী, যৌনপল্লি সংশ্লিষ্ট বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীসহ মোট ৪০০ জনকে সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে। এরপরও নিবন্ধন করা কেউ টিকা নিতে বাদ পড়ে থাকলে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা নিতে বলা হয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্র দৌলতদিয়া কার্যালয় ছাড়াও বেসরকারি সংস্থা মুক্তি মহিলা সমিতি, পায়াক্ট বাংলাদেশ, লাইট হাউজ ও যৌনকর্মীদের নিজস্ব সংগঠন অসহায় নারী ঐক্য সংগঠনের সার্বিক সহযোগিতায় টিকাদান কার্যক্রম পরিচালিত হয়।

দুপুরে যৌনপল্লিসংলগ্ন গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা যায়, গণস্বাস্থ্যে কেন্দ্রের কর্মীরা যৌনকর্মীদের রেজিস্ট্রেশন করে দিচ্ছেন। পরে পৃথক কক্ষে সারিবদ্ধভাবে টিকা নেন তাঁরা।

করোনার টিকা নিয়ে চুমকি (ছদ্মনাম) নামের এক যৌনকর্মী বলেন, ‘আমরা সবাই ভয়ে ছিলাম, টিকা নিলে যদি কিছু হয়। এখন আর সে ভয় নেই। তবে কখনোই ভাবতে পারিনি সরকারিভাবে এভাবে টিকা আমাদের ঘরে এসে দিয়ে যাবে। এ জন্য সরকারের কাছে আমরা কৃতজ্ঞ।’

মমিনা বেগম (ছদ্মনাম) নামের আরেক যৌনকর্মী বলেন, ‘সমাজের মানুষ আমাদের খারাপ চোখে দেখলেও সরকার বা প্রশাসন আমাদের জন্য ঠিকই ভাবে। না হলে আজ আমরা এখানে বসে টিকা নিতে পারতাম না। প্রথমে ভয়ে ছিলাম যদি কিছু হয়। আল্লাহর রহমতে এখন একটু শান্তি পাচ্ছি।’

অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম বলেন, সমাজের আর সব মানুষের মতো যৌনকর্মীদেরও সব নাগরিক সুবিধা পাওয়ার অধিকার আছে। সরকার বিষয়টি জোরালোভাবে দেখছে। যার জন্য আজ সমাজের সবচেয়ে অবহেলিত নারী হয়েও রাষ্ট্রের অন্য সব নাগরিকের মতো তাঁরা বিনা মূল্যে করোনার টিকা নিতে পেরেছেন।