দৌলতদিয়া যৌনপল্লিতে পাঁচ শতাধিক শিশু-কিশোরী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লিতে প্রতি মাসে পুলিশ ও বেসরকারি সংস্থা মিলে গড়ে অন্তত ১০ জন করে শিশু-কিশোরীকে উদ্ধার করছে। তবে যৌনপল্লির কয়েকজন বাড়িওয়ালি ও স্থানীয় কয়েকটি বেসরকারি সংস্থার তথ্যমতে, এখানে প্রতি মাসে প্রায় ২৫ জন শিশু-কিশোরীকে জোরপূর্বক দেহ ব্যবসায় নামানো হয়। এখনো সেখানে পাঁচ শতাধিক শিশু-কিশোরীকে দিয়ে দেহ ব্যবসা করানো হচ্ছে বলে জানা গেছে।পুলিশ ও দৌলতদিয়া যৌনপল্লি সূত্রে জানা গেছে, এখানে প্রায় চার হাজার যৌনকর্মী রয়েছে। তাদের মধ্যে পাঁচ শতাধিক শিশু। দেশের বিভিন্ন স্থানে থাকা প্রভাবশালী দালাল চক্র নানা প্রলোভনে এবং ফুসলিয়ে শিশুদের এনে এখানে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিক্রি করে দিচ্ছে।গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ২০১২ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রায় ৮০ জন শিশু-কিশোরীকে উদ্ধার ও প্রায় ৭০ জন দালালকে গ্রেপ্তার করেছে। স্থানীয় বেসরকারি সংস্থা মুক্তি মহিলা সমিতির ‘শিশু সুরক্ষা কমিটি’ উদ্ধার করেছে আরও ৩৮ জনকে। এ ছাড়া খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্য জেলার পুলিশ এসে এখান থেকে প্রায়ই শিশু-কিশোরীদের উদ্ধার করে।পুলিশ ও র‌্যাব-৮ গত ২৬ ফেব্রুয়ারি রাতে যৌনপল্লিতে অভিযান চালিয়ে দুই শিশুকে উদ্ধার করে। উদ্ধার হওয়া রংপুর সদর উপজেলার দরিদ্র পরিবারের একটি শিশু (১৪) থানা হেফাজতে জানায়, বছর খানেক আগে ঢাকায় গেলে মামুনুর রশিদ নামের একজন বাসশ্রমিকের সঙ্গে মুঠোফোনে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২১ ফেব্রুয়ারি বিয়ে করার কথা বলে মামুন তাকে যৌনপল্লির বাড়িওয়ালি মিতার কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করে। এর পর থেকে সেখানে তাকে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করা হয়।পল্লির বাড়িওয়ালি রুপার বাড়ি থেকে ওই দিন উদ্ধার হওয়া অপর কিশোরী (১৫) জানায়, উদ্ধারের চার-পাঁচ দিন আগে লক্ষ্মীপুরের রায়পুর থেকে ঢাকায় আসার পথে পরিচিত এক যুবক নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে অচেতন করে যৌনপল্লিতে এনে বিক্রি করে। পরে বাড়িতে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে। এ ছাড়া পুলিশ পল্লি থেকে গত ২৩ জানুয়ারি ছয়জন শিশু-কিশোরীকে উদ্ধার ও বাড়িওয়ালি সালমিকে গ্রেপ্তার করে। শিশু-কিশোরীদের বাড়ি কুমিল্লা, বরিশাল, চাঁদপুর ও ফরিদপুরে। উদ্ধার হওয়া শিশু-কিশোরীরা জানায়, দালাল শান্ত, ছিদ্দিক, নেদু, জসিম, রঞ্জু ও জাকির ভালো বেতনে চাকরি দেওয়ার নাম করে এবং প্রেমের ফাঁদে ফেলে এই পল্লিতে এনে তাদের বিক্রি করেছে। তাদের ভাষ্যমতে, এখনো পল্লিতে পাঁচ শতাধিক শিশু-কিশোরীকে দিয়ে দেহ ব্যবসা করানো হচ্ছে।শিশু সুরক্ষা কমিটির সভাপতি মোহন মণ্ডল বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও এক বছর ধরে কমিটির সদস্যরা খবর পাওয়া মাত্র যৌনপল্লি থেকে শিশু-কিশোরীদের উদ্ধার করে তাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম বলেন, একশ্রেণীর প্রভাবশালী ব্যক্তি ও বাড়িওয়ালি বিভিন্ন স্থান থেকে দালালের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে এবং ভালো বেতনে চাকরি দেওয়াসহ নানা প্রলোভনে শিশু-কিশোরীদের এখানে এনে বিক্রি করছে।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ‘খবর পেলেই অভিযান চালিয়ে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের উদ্ধার ও প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠাচ্ছি। নানা সীমাবদ্ধতার কারণে এবং বিতর্ক এড়াতে সাধারণত সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আমরা অভিযান চালাই না।’