দৌলতদিয়ার দুই ঘাট যেন শিশুশ্রমিকের হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়ার লঞ্চ ও ফেরিঘাটে প্রতিদিন শতাধিক শিশু-কিশোর যাত্রীদের মালামাল টানে বা বিভিন্ন জিনিস বিক্রি করে। আট থেকে ১৬ বছরের এসব শিশু-কিশোরের কেউ কেউ লেখাপড়া করে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অভাবী পরিবারের এসব সন্তানের ডাকাডাকিতে প্রতিদিন ঘাট সরগরম থাকে। ঘাট ঘুরে এসব শিশু-কিশোরের অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, নদীভাঙনকবলিত গোয়ালন্দ উপজেলার দরিদ্র পরিবারের সন্তানেরা অভাবের কারণে শিশু বয়সেই অর্থ উপার্জনে চলে আসে লঞ্চ ও ফেরিঘাট এলাকায়। উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ছিদ্দিক কাজিরপাড়া গ্রামের দিনমজুর নূরুল ইসলাম ফকিরের ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র আজাদ ফকির (৯) প্রায় চার বছর ধরে লঞ্চঘাটে যাত্রীদের ব্যাগ ও মালামাল টানার কাজ করে। সে জানায়, পরিবারের চার ভাইবোনের মধ্যে সে দ্বিতীয়। বড় ভাই কিছুদিন আগে বিয়ে করে আলাদা হয়েছে। বাবা অসুস্থ, তাই সে ঘাটের যাত্রীদের ব্যাগ মাথায় করে গাড়িতে তুলে দেয়। এতে যাত্রীরা খুশি হয়ে ১০-২০ টাকা করে দেয়। তবে অনেকেই এই কাজ করে বলে যাত্রীদের কাছ থেকে একটি ব্যাগ নিতে অনেকটা লড়াই করতে হয়। সে বলে, ‘বাড়ির কাছে এক স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ি। সকালে ঘুম থেকে উঠে বই-খাতা নিয়ে চলে আসি লঞ্চঘাটে। সাড়ে নয়টা বাজলে দৌড়ে এখান থেকে চলে যাই স্কুলে। আবার স্কুল শেষে ঘাটে এসে আরও ২০-৫০ টাকা আয় করে ৮০-১০০ টাকা নিয়ে সন্ধ্যার দিকে বাড়ি চলে যাই।’ লঞ্চঘাটে দৌলতদিয়ার নতুনপাড়ার কৃষক মোতালেব প্রামাণিকের ছেলে রতন প্রামাণিক (১১) জানায়, তিন ভাই, এক বোনের মধ্যে সে সবার বড়। বাবা কয়েক বছর ধরে অসুস্থ। তাই সংসারের খরচ জোটাতে তাকে ও তার ছোট ভাই সুজন প্রামাণিককে (৯) ঘাটে আসতে হয়। ছয় বছর আগে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা গ্রামে তাদের বাড়ি নদীতে বিলীন হয়। প্রতিদিন প্রায় ৬০ হালি কলা বিক্রি করে তার ১৫০ থেকে ২০০ টাকা আয় হয়। সুজন স্থানীয় মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে পড়ে। সুজন বলে, ‘সকালে ২০-৩০ টাকা রোজগার হলেই চলে যাই ক্লাসে। ক্লাস শেষ করে আবার ফিরে আসি ঘাটে। সন্ধ্যার আগ পর্যন্ত আরও ৫০-৬০ টাকা রোজগার করে বাড়ি ফিরে যাই।’ লঞ্চমালিক সমিতির দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক নূরুল আলম বলেন, প্রতিদিন এই লঞ্চঘাটকে কেন্দ্র করে প্রায় ২০০ শ্রমিক বেঁচে থাকে। এদের মধ্যে শতাধিকই শিশু-কিশোর, যাদের বয়স আট থেকে ১৬ বছরের মধ্যে।দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম মণ্ডল বলেন, নদীভাঙনকবলিত পরিবারের অনেক শিশু অভাবের কারণে লঞ্চ ও ফেরিঘাট এলাকায় যাত্রীদের ব্যাগ বহন, কলা, ডিম, বিক্রিসহ বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করে।