দৌলতদিয়ার পদ্মায় ট্রলার ডুবি, হতাহত নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার দুই নম্বর ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে বিয়ের বরযাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার পরপরই সবাই সাঁতরে তীরে উঠে যাওয়ায় কোন হতাহত হয়নি।

আজ বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দৌলতদিয়া ঘাট এলাকার কয়েকজন বাসিন্দা জানান, দৌলতদিয়া ইউনিয়নের দৌলতদিয়া লঞ্চঘাট বরাবর পশ্চিমে নতুন পাড়া গ্রামের সেন্টু শেখ ট্রলারে করে একই ইউনিয়নের ফেরিঘাটসংলগ্ন বাহির চর দৌলতদিয়ার হুসনাকে বিয়ে করতে যাচ্ছিলেন। সেন্টুর আবদারের কারণে বাড়ি থেকে প্রায় ৩০ জন যাত্রী নিয়ে ট্রলারচালক আব্দুর রাজ্জাক রাত আটটার দিকে ট্রলারটি নিয়ে বরযাত্রায় যাচ্ছিলেন। তাদের লঞ্চটি ২ নম্বর ফেরিঘাটের কাছে পৌঁছালে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী ‘দৌলত’ নামে একটি লঞ্চটির সঙ্গে এটির সংঘর্ষ বাঁধে। এতে সেন্টুদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে কোন বাতি ছিল না। তবে ফেরিঘাটের কাছে এবং নদীর কিনারে হওয়ায় সবাই সাঁতরে তীরে উঠে যায়। তবে বরযাত্রার বাক্সটি (মেয়ের জন্য নেওয়া জিনিসপত্র) রাত ১০টা পর্যন্ত খুঁজেও পাওয়া যায়নি।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, সহকারী পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।