দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটটি ইউটিলিটি ফেরির জন্য নির্মিত ফেরিঘাটে স্থানান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার স্থানান্তরের পর গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত ওই ঘাট দিয়ে কোনো যানবাহন ফেরিতে ওঠানামা করেনি।এদিকে টানা দুই দিনের হরতাল শেষে অনেকেই নিজ গন্তব্যে যাওয়ার জন্য রওনা হলে গতকাল দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।সরেজমিনে ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩ নম্বর ফেরিঘাটের পন্টুনটি ঘাট থেকে কয়েক শ গজ উজানে ইউটিলিটি টাইপ ফেরির জন্য নির্মিত ঘাটে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ৩ নম্বর ঘাটটি ফাঁকা পড়ে আছে। ওই ঘাটের জন্য সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্মিত সড়কের ইটগুলো শ্রমিকেরা তুলে নিচ্ছেন। কর্তব্যরত শ্রমিকেরা জানান, সওজ কর্তৃপক্ষের নির্দেশে তাঁরা পাঁচ-ছয়জন শ্রমিক মিলে গতকাল সকাল থেকে ইট তোলার কাজ শুরু করেছেন। এখানকার ইটগুলো অন্য ঘাটের মেরামতে ব্যবহার করা হবে।এদিকে সাবেক ইউটিলিটি ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ফেরি ভেড়ানোর জন্য যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। তবে সড়কের সামান্য কিছু সংস্কার অসম্পূর্ণ থাকায় এখনো ওই ঘাটে কোনো ফেরি ভেড়ানো বা যানবাহন ওঠানো-নামানোর কাজ করা হচ্ছে না।গতকাল দুপুর ১২টার দিকে ঘাটে দিয়ে দেখা যায়, মাত্র দুটি ফেরিঘাট ও সাতটি রো রো ফেরি চালু থাকায় দৌলতদিয়া প্রান্তে কয়েক শ যানবাহন পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এ সময় ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে দুটি সারিতে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি চোখে পড়ে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার বলেন, নদী ভাঙনের কারণে বুধবার ৩ নম্বর ফেরিঘাটের পন্টুনের সংযোগ-সড়ক সম্পূর্ণ নদীগর্ভে চলে গেলে ওই দিনই পন্টুনের কিছু অংশ এবং পরদিন বৃহস্পতিবার বাকি অংশ নিয়ে ইউটিলিটি ফেরিঘাটে স্থানান্তর করা হয়েছে। তবে এই ঘাটটির (ইউটিলিটি) পকেটের সামনে চর পড়ে যাওয়ায় পানির আরও গভীরতা প্রয়োজন। আরও কমপক্ষে দুই-তিন ফুট পানি বাড়লে তবে ঘাটটি চালু করা যাবে। এ ছাড়া সওজ বিভাগেরও কিছু সংস্কারকাজ রয়েছে।