দৌলতদিয়ায় অপরাধ ও মানব পাচার বাড়ছে
দক্ষিণাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় অপরাধপ্রবণতা বেড়েই চলেছে। এখানে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ যৌনপল্লি ঘিরে বাড়ছে মাদকের কেনাবেচা ও ব্যবহার। সারা দেশে সক্রিয় একটি চক্র নানা লোভ দেখিয়ে অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের এনে এখানে বিক্রি করে বলে অভিযোগ রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যৌনপল্লি ঘিরে দৌলতদিয়ায় গড়ে উঠেছে শতাধিক আবাসিক হোটেল ও বিভিন্ন প্রতিষ্ঠান। প্রকাশ্যেই চলে মদ, গাঁজা, ফেনসিডিল, হেরোইনসহ নানা মাদকদ্রব্যের সেবন ও বেচাকেনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে গেলেই অনেক প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। কয়েকজন যৌনকর্মী জানায়, ১৫০টি মাদক বিক্রির দোকান ও বাড়ি রয়েছে এখানে। স্থানীয় একটি প্রভাবশালী চক্রকে প্রতিদিন মোটা অঙ্কের মাসোহারার বিনিময়ে তারা এ ব্যবসা করে।গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা গেছে, ২০১০ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত দৌলতদিয়া যৌনপল্লি থেকে পাঁচ কিশোরীকে উদ্ধার ও পাঁচ পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। আর চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত পাচারকারীদের হাত থেকে সাতজন কিশোরীকে উদ্ধার ও সাত পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া যৌনপল্লিতে দুই যৌনকর্মী আত্মহত্যা করেছে। পুলিশ একটি শুটারগান, একটি বিদেশি বন্দুক, দুটি বিদেশি পিস্তল উদ্ধারসহ ছয়জনকে গ্রেপ্তার করে। গত ১০ জানুয়ারি উপজেলার তেনাপচা এলাকার হুমাই বিশ্বাস (২২) নামের এক যুবক দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে অপহরণ হওয়ার পর নিখোঁজ রয়েছেন। গত ৮ মে ভোরে দুর্বৃত্তরা শাহিন আলম (২২) নামের যশোরের এক যুবককে কুপিয়ে হত্যা করে। ৬ জানুয়ারি রফিকুল ইসলাম (৩৮) নামের এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয় যৌনপল্লির পুকুর থেকে। ২৪ এপ্রিল স্বর্ণালী খাতুন (৩০), ১৬ এপ্রিল মনি বেগম (২৪) নামের দুই যৌনকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। যৌনকর্মী হাজরা আক্তার (ছদ্ম নাম) বলেন, নিয়মিত আসা-যাওয়ার কারণে যৌনকর্মীরা কোনো এক খদ্দেরকে বেছে নেয়। এ সরলতার সুযোগ নিয়ে অর্থকড়ি সব কেড়ে নিয়ে প্রতারণা করে চলে গেলে তখন বাধ্য হয়ে কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নেয়।প্রভাবশালী পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে দরিদ্র ঘরের অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ভালো চাকরি দেওয়ার কথা বলে যৌনপল্লিতে এনে বিক্রি করে। গত ১৬ মে রাতে তেলের পাম্পসংলগ্ন একটি বাড়ি থেকে যৌনপল্লিতে বিক্রির চেষ্টাকালে দুই কিশোরীকে পুলিশ উদ্ধার করে। এ সময় পাচারকারী চক্রের হোতা লাকি বেগমকে গ্রেপ্তার করা হয়। ৫ এপ্রিল এক পোশাক শ্রমিককে উদ্ধার ও নাজমা নামের এক বাড়িওয়ালিকে গ্রেপ্তার করে পুলিশ। ২২ মার্চ ঢাকার মিরপুরের ১৪ বছরের এক স্কুলছাত্রীকে যৌনপল্লি থেকে উদ্ধার ও এক বাড়িওয়ালিকে গ্রেপ্তার করে র্যাব। ২৮ ফেব্রুয়ারি ১৪ বছরের এক পোশাক শ্রমিককে উদ্ধার করে পুলিশ। নারী পাচারকারী দলের অন্যতম সদস্য লাকি বেগম (৪০) গত ১৭ মে থানা হেফাজতে প্রথম আলোর কাছে স্বীকার করেন, চলতি মাসেই এ রকম আরও তিন কিশোরীকে তিনি এনেছিলেন। দৌলতদিয়া যৌনপল্লিতে কর্মরত বেসরকারি সংস্থা পায়াক্ট বাংলাদেশ মানবাধিকার প্রকল্পের কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, এখানে বিভিন্ন ধরনের অপরাধ দিন দিন বেড়েই চলেছে। যৌনপল্লিতে হরহামেশনাই অপ্রাপ্তবয়স্ক মেয়েদের এনে বিক্রি করছে পাচারকারী চক্র। বিষয়টি কর্তৃপক্ষের বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাসার বলেন, দ-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ঘাটে প্রতিনিয়ত ভিআইপি পারাপারে ব্যস্ত থাকায় স্বল্পসংখ্যক পুলিশ সদস্য দিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা একটু কষ্টের ব্যাপার। এ ছাড়া যৌনপল্লিতে অধিকাংশ ক্ষেত্রে বাইরে থেকে আসা লোকজন অপরাধ ঘটিয়ে চলে যায়।