ফেরিস্বল্পতার পাশাপাশি বাতাসের কারণে নদীতে বড় বড় ঢেউ সৃষ্টি হওয়ায় গত মঙ্গলবার থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দফায় দফায় বন্ধ হয়ে যাচ্ছে লঞ্চ চলাচল।এ ছাড়া স্রোতের কারণে ফেরি পারাপারে আগের চেয়ে বেশি সময় লাগছে। গতকাল বুধবারও এখানে পারাপারের অপেক্ষায় ছিল কয়েক শ যানবাহন। বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ ও ঘাট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিস্বল্পতার পাশাপাশি গত দুদিন বাতাসের কারণে নদীতে বড় বড় ঢেউ দেখা দিয়েছে। পাশাপাশি নদীতে স্রোত থাকায় যাত্রীবাহী লঞ্চগুলো স্বাভাবিক গতিতে পার হতে পারছে না। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের বন্দর কর্মকর্তা কবির হোসেন বলেন, বাতাসের গতি বাড়ায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দুর্ঘটনা এড়াতে গত মঙ্গলবার বেলা দুইটার পর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাত আটটার দিকে বাতাসের কারণে নদীতে বড় বড় ঢেউ দেখা দেওয়ায় ফের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাত ১০টার পর আবার লঞ্চ চলাচল চালু হয়। গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এলাকায় পণ্যবাহী কয়েক শ ট্রাক ও যাত্রীবাহী বাস আটকে আছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার জানান, ফেরিসংকটের পাশাপাশি মাঝেমধ্যে লঞ্চ চলাচল বন্ধ থাকায় অতিরিক্ত গাড়ি ও যাত্রী পার হচ্ছে ফেরিতে। এ ছাড়া নদীতে স্রোতও বেড়ে গেছে। এতে ফেরি পারাপারে সময়ও লাগছে বেশি।