দৌলতদিয়ায় আটকে আছে কয়েক শ যানবাহন
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিসংকটের কারণে পারাপারের অপেক্ষায় দৌলতদিয়ায় তিন শতাধিক গাড়ি আটকে আছে। তিন দিন ধরে এই অবস্থা চলছে।অভিযোগ রয়েছে, গাড়িচালকদের কাছ থেকে স্থানীয় কতিপয় দালাল অতিরিক্ত টাকা নিয়ে ফেরি পারাপারের টিকিট কেটে দিচ্ছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও অন্যান্য সূত্রে জানা গেছে, এই নৌপথে ১১টি বড় ও তিনটি ছোট ফেরি বরাদ্দ থাকলেও পাঁচটি বড় ও একটি ছোট ফেরি বিকল রয়েছে। এ কারণে ছয়টি বড় ও দুটি ছোট ফেরি দিয়ে যানবাহন পারাপার চলছে। বর্তমানে স্রোতের কারণে ফেরি পারাপারে সময় বেশি লাগছে। ফেরিস্বল্পতা এবং স্রোতের কারণে পারাপারে সময় বেশি লাগায় দৌলতদিয়ায় তিন দিন ধরে তিন শতাধিক গাড়ি আটকে আছে। গতকাল সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাট থেকে পেট্রলপাম্প পর্যন্ত এক কিলোমিটারেরও বেশি দীর্ঘ দুই-তিন সারি ট্রাক ও যাত্রীবাহী বাস আটকে আছে। পেট্রলপাম্প থেকে আরও দেড় কিলোমিটার দীর্ঘ একটি সারিতে পণ্যবাহী কয়েক শ ট্রাক আটকে আছে। চট্টগ্রামগামী একটি ট্রাকের চালক মনির মোল্যা বলেন, ‘গত রোববার বেলা তিনটার দিকে যানজটে আটকে পড়েছি। কাউন্টারে টিকিট কাটতে গিয়ে প্রথমে দালালদের বাধায় ফিরে এসেছি। পরে এক দালালের মাধ্যমে এক হাজার ৬০ টাকার টিকিট এক হাজার ৪০০ টাকায় কিনতে বাধ্য হয়েছি।’ ট্রাকচালক সুমন মিয়া জানান, দালালেরা টিকিট কাটতে কাউন্টারের কাছেই যেতে দেন না। পেট্রলপাম্পের সামনে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল আলমগীর হোসেনের সামনে দিয়ে দালালের মাধ্যমে ক্রম (সিরিয়াল) ভেঙে সাধারণ পণ্যবাহী একটি কাভার্ডভ্যান ঘাটের দিকে যেতে দেখা যায়। আলমগীর হোসেন বলেন, কাভার্ডভ্যানের ভেতরে মাছ আছে বলে চালক জানালে আমরা ছেড়ে দিই। টাকা নিয়ে গাড়ি ছেড়ে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা নিলেও ১০/২০ টাকা নিয়ে থাকি, এর বেশি নয়। বাকি টাকা দালালেরা নিয়ে থাকেন।’ দৌলতদিয়া নৌফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) হাবিব তরফদার বলেন, ‘যতক্ষণ ডিউটিতে থাকি, ততক্ষণ গাড়িগুলো সিরিয়াল দিয়ে থাকে। চলে এলেই শুরু হয়ে যায় আগে যাওয়ার প্রতিযোগিতা। এ জন্য আমাদের কিছু পুলিশের সদস্য ও স্থানীয় দালালেরা দায়ী। তবে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হয়।’বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার গত কয়েক মাসে পাঁচটি ফেরি বিকল হয়ে পড়ে থাকার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ফেরিসংকট দেখা দিলেই ঘাটে যানজট দেখা দেয়। এ সুযোগে স্থানীয় কিছু দালালের তৎপরতা বেড়ে যায়। তাঁদের কারণে আমাদের কর্মীরা ঠিকমতো কাজ করতে পারেন না। প্রতিবাদ করতে গেলেই মার খেতে হয়।’