দৌলতদিয়ায় আটকে পড়া ফেরি চার ঘণ্টা পর উদ্ধার
রাজবাড়ীর দৌলতদিয়া চ্যানেলে গত রোববার বিকেলে আটকে যাওয়া ফেরি কেরামত আলীকে চার ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর ঢাকা থেকে আসা কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল সোমবার দুপুরে চ্যানেলটি পরিদর্শন করেছেন।বিআইডব্লিউটিসির আরিচা ইউনিটের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, নাব্যতা-সংকটের কারণে ঝুঁকি এড়াতে রোববার রাত থেকে ধারণক্ষমতার অর্ধেক বা তার চেয়ে কম গাড়ি নিয়ে ফেরি চালাচ্ছেন। এ কারণে উভয় পারে কয়েক শ গাড়ি আটকা পড়ছে। এদিকে গতকাল দুপুরে সরেজমিনে দৌলতদিয়া নৌ-চ্যানেল দেখতে ঢাকা থেকে এসেছেন বেসরকারি নদী গবেষণা প্রতিষ্ঠান সিইজিআইএসর কর্মকর্তা কামাল হোসেন, বিআইডব্লিউটিএর খনন বিভাগের নির্বাহী প্রকৌশলী তারিকুল হাসান, আরিচা ইউনিটের ঊর্ধ্বতন উপপরিচালক শাহজল হোসেন প্রমুখ। শাহজল হোসেন বলেন, ‘বর্তমানে চ্যানেলের কোথাও আট ফুট আবার কোথাও ছয় ফুট পর্যন্ত পানি রয়েছে। আমরা খননের জন্য তিনটি ড্রেজার (খননযন্ত্র) প্রস্তুত রেখেছি। সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু হবে।’