দৌলতদিয়ায় আস্তানা গেড়ে হিজবুত তওহিদের প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় প্রচারণা চালাচ্ছে হিজবুত তওহিদের সক্রিয় একদল কর্মী। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে নানা উৎকণ্ঠা বিরাজ করছে। পুলিশ ইতিমধ্যে এদের একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস ধরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার নিজাম ফকিরের বাড়ি ভাড়া নিয়ে হিজবুত তওহিদের সক্রিয় একটি দল তাদের সংগঠনের প্রচারণা চালিয়েছে। বাড়িওয়ালা ও এলাকাবাসীর কাছে নিজেদের প্রকৃত পরিচয় গোপন রেখে তারা পণ্য ফেরি, ক্ষুদ্র ব্যবসা ও অন্যান্য ছোটখাটো কাজের পাশাপাশি গোপনে সংগঠনের প্রচারণার কাজ চালায়। তারা সংগঠনের মুখপত্র হিসেবে দৈনিক দেশের পত্র নামের একটি পত্রিকা নিয়মিত এই এলাকায় বিলি করছে। তিন টাকা মূল্যের পত্রিকাটি বিলি করে অধিকাংশের কাছ থেকেই কোনো টাকা নেওয়া হয়নি। সংগঠনটির সন্দেহজনক কর্মকাণ্ড নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।দৌলতদিয়া নৌ-ফাঁড়ির পুলিশ গত ৮ ফেব্রুয়ারি ইসহাক পাঠান (৪০) নামে সংগঠনটির এক সদস্যকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে। পরদিন তাঁকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ইসহাক পুলিশ ও সাংবাদিকদের জানান, তিনি হিজবুত তওহিদের একজন সক্রিয় সদস্য। প্রায় তিন মাস আগে খুলনা থেকে তাঁরা নারী-পুরুষের একটি দল নিয়ে দৌলতদিয়া ঘাট এলাকায় আসেন। দলটির আমির নাজমুল হুসাইন (২২)। তাঁর বাড়ি মেহেরপুরের বামনদিয়া এলাকায়। দলের অপর সদস্যরা হচ্ছেন তাঁর (ইসহাক) স্ত্রী নিলুফা ইয়াসমিন, নাজমুল হুসাইনের স্ত্রী খাদিজা বেগম, রাজশাহীর বাছের আলী (৩৫), তাঁর স্ত্রী নার্গিস বেগম, মেহেরপুরের আরিফুল ইসলাম (১৮), একই জেলার মো. রাজু (২৮), রাজুর স্ত্রী সুমিসহ আরও কয়েকজন। ইসহাক দাবি করেন, তাঁরা জঙ্গি বা নাশকতামূলক কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। ইসলামের প্রচারণার কাজে এখানে এসেছেন। বাহিরচর দৌলতদিয়ার সেলিম শেখ, ইউনুছ আলীসহ অনেকেই জানান, হিজবুত তওহিদের এক সদস্য আটকের পর সবার মধ্যে শঙ্কা আরও বেড়ে গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, ‘দৌলতদিয়া গুরুত্বপূর্ণ ঘাট হওয়ায় মাঝেমধ্যে পুলিশের অভিযানের পর জানতে পারি অমুক সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার বা মাদকের চালান আটক হয়েছে। এসব কারণে আমরা সব সময় উৎকণ্ঠায় থাকি—কখন জানি কী ঘটনা ঘটে। তবে সম্প্রতি প্রত্যেক ওয়ার্ডে সন্ত্রাসবিরোধী কমিটি গঠনের পর সতর্ক রয়েছি। হিজবুত তওহিদের ব্যাপারে মাঝেমধ্যে অপরিচিত লোকজন দেখলে খোঁজখবর নিচ্ছি।’ এলাকাবাসী জানান, ৮ ফেব্রুয়ারি হিজবুত তওহিদের একজন সদস্য আটক হওয়ার পর পুলিশ ঘাট এলাকায় একাধিকবার অভিযান চালায়। এরপর সংগঠনটির তৎপরতা তেমন লক্ষ্য করা যাচ্ছে না। তবে ঘাট এলাকায় অপরিচিত বেশ কিছু লোকের আনাগোনা রয়েছে। এ কারণে এলাকাবাসী শঙ্কিত।গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, হিজবুত তওহিদ নিষিদ্ধ নয়। আবার তাদের কর্মকাণ্ডের ব্যাপারে তাঁদের সন্দেহও রয়েছে। তাই একাধিকবার অভিযান চালানোর কারণে ফেরিঘাট এলাকার আস্তানা থেকে তারা সরে গেছে। এ ছাড়া যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম বা জঙ্গি সংগঠনের ব্যাপারে সব সময় পুলিশ সতর্ক রয়েছে।