দৌলতদিয়ায় কিশোরী উদ্ধার, দুজন গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে গতকাল বুধবার অভিযান চালিয়ে পুলিশ এক কিশোরীকে (১৪) উদ্ধার করেছে। ওই কিশোরীকে দিয়ে জোরপূর্বক দেহব্যবসা করানোর অভিযোগে নাজমা বেগম ওরফে রোকেয়া বেগম (৪০) ও শহিদ নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া কিশোরী গতকাল থানায় জানায়, তাদের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর গ্রামে। মাস তিনেক আগে সে ঢাকায় বড় বোনের বাসায় বেড়াতে আসে। সেখানে প্রতিবেশী সাগর নামের এক যুবকের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। সাগর তাকে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে প্রায় দুই মাস আগে দৌলতদিয়া যৌনপল্লিতে এনে ২০ হাজার টাকায় বিক্রি করে দেন। গতকাল বুধবার দুপুর পৌনে ১২টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাকে পল্লির নাজমা বেগম ওরফে রোকেয়ার বাড়ি থেকে উদ্ধার করে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, অপ্রাপ্ত বয়স্ক মেয়ে দিয়ে জোরপূর্বক দেহব্যবসা করানোর অভিযোগে বাড়িওয়ালি নাজমা বেগম এবং শহিদ নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া উদ্ধারকৃত কিশোরীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।