দৌলতদিয়ায় গাড়ির চাপ বাস-ট্রাকের দীর্ঘ সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুই দিনের হরতালের পর হঠাৎ করে রাজবাড়ীর দৌলতদিয়ায় অতিরিক্ত গাড়ির চাপে বাস-ট্রাকের তিন-চারটি সারি সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসযাত্রী ও চালকদের। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও ঘাটশ্রমিকেরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যার পর দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও ভোমরা বন্দর থেকে ছেড়ে আসা দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক ঘাটে আসতে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির জট দেখা দেয়। এ সময় টার্মিনালে পণ্যবাহী গাড়িসহ মহাসড়কে দু-তিন সারি এবং বিকল্প সড়কে গাড়ির সারি পড়তে শুরু করে। রাতে আটকে থাকা অনেক দূরপাল্লার বাস গতকাল সকালে পার হয়।গতকাল বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ঘাটে অপেক্ষা করে দেখা যায়, ফেরিঘাট থেকে মহাসড়কের দৌলতদিয়া ক্যানেল ঘাট ছেড়ে প্রায় তিন কিলোমিটারজুড়েই পণ্যবাহী শত শত ট্রাক, কাভার্ড ভ্যান ও দূরপাল্লার বাসের তিন-চার সারি হয়ে ফেরির অপেক্ষায় রয়েছে। এ সময় অনেক যাত্রীই বাস থেকে নেমে প্রায় দু-তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে ঘাটে যেতে থাকে।বরিশালের ভান্ডারিয়া থেকে ৪৮ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৩২১১) চালক মিজানুর রহমান জানান, গতকাল সকাল আটটায় রওনা করে বেলা দেড়টার দিকে দৌলতদিয়ায় যানজটে পড়েন। বিকেল পাঁচটা পর্যন্ত ফেরির নাগালও পাননি। ঘাট তত্ত্বাবধায়ক ভরত দাস বলেন, সকাল থেকে শুধু ঈগল পরিবহনেরই ৩০টির মতো বাস আটকে রয়েছে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে পেঁয়াজ বোঝাই করে ছেড়ে আসা ট্রাকের (যশোর-ট-১১-২০৬০) চালক আবদুল করিম জানান, ফেনী যাবেন বলে ভোরে রওনা করে বেলা দুইটার দিকে ঘাটে পৌঁছান। কিন্তু বেলা পাঁচটা পার হলেও ঘাট থেকে এখনো প্রায় দুই কিলোমিটার দূরে পড়ে আছেন।বেনাপোল থেকে আসা শীতাতপনিয়ন্ত্রিত বাস সৌদিয়া যাচ্ছে ঢাকায়। এটিও যানজটে প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছে। বাসের তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম সুমন জানান, আজ রাতে পার হওয়া নিয়ে যথেষ্ট শঙ্কার মধ্যে আছেন তাঁরা। স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল ক্যানাল ঘাটে যানজট নিরসনে তদারকের সময় জানান, ফেরির সংখ্যা পর্যাপ্ত থাকলে এভাবে যানজটের সৃষ্টি হয় না।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, মূলত দুই দিনের হরতালের পর মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই ঘাটে গাড়ির চাপ বাড়তে থাকে। আবার বৃহস্পতিবার ঢাকায় হরতালে গাড়ি ঢুকতে পারবে না—এই আশঙ্কায় দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে সব গাড়ি একত্রে আসতে শুরু করেছে। এই পথে আটটি রো রো ও তিনটি কে-টাইপ ফেরি চললেও রোববার বিকেল থেকে রো রো ফেরি শাহ পরান বিকল থাকায় সংকট কিছুটা রয়েছে।