দৌলতদিয়ায় গাড়ির দীর্ঘ সারি
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে গতকাল বুধবার যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। এতে নদী পাড়ি দেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা ঘাটে অপেক্ষারত যাত্রীদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে।বিভিন্ন ঘাট ঘুরে ও বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ঈদ শেষে কর্মস্থলে যোগ দিতে মঙ্গলবার দুপুরের পর থেকে দৌলতদিয়া ঘাটে মানুষের সঙ্গে বিভিন্ন গাড়ির চাপ বাড়তে থাকে। যানবাহনের ধারাবাহিকতা নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত থানা ও ট্রাফিক পুলিশ কাজ করছে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীরা যানবাহনের লম্বা সারির শুরুতেই নেমে তিন কিলোমিটার পায়ে হেঁটে ক্যানেল ঘাট থেকে ইঞ্জিনচালিত ট্রলারে করে নদী পাড়ি দিচ্ছে।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, বর্তমানে ১০টি ফেরি চলাচল করছে। ফেরির সংখ্যা স্বাভাবিক থাকলেও মূলত ঈদ শেষ হওয়ায় মানুষের পাশাপাশি গাড়ির চাপ বেড়েছে। এদিকে ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করে ট্রলারগুলো ভরা বর্ষায় পদ্মা-যমুনা পাড়ি দিচ্ছে। তবে ছোট গাড়ির সংখ্যা বেশি থাকায় বড় গাড়িগুলো পার করতে সময় বেশি লাগছে।