দৌলতদিয়ায় গুলিসহ তিন তরুণ গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার পুলিশ গত শনিবার রাত দুইটার দিকে দৌলতদিয়া ফেরিঘাট থেকে পিস্তলের ৩০টি তাজা গুলিসহ তিন তরুণকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন পাবনার ভাঙ্গুরা উপজেলার চৌবাড়িয়া গ্রামের মো. শরিফ হোসেন (২৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা গ্রামের মো. জিল্লুর রহমান (২৬) ও কুমিল্লার তিতাস উপজেলার সরস্বতী গ্রামের সাইফুল ইসলাম (৩৩)।গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ জানান, রাত দুইটার দিকে দৌলতদিয়া ফেরিঘাট জাকের পার্টি কার্যালয়ের সামনে ফেরির জন্য ঈগল পরিবহনের একটি বাস অপেক্ষা করছিল। বাসটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। তাতে তল্লাশি চালিয়ে ওই তিন যাত্রীর পকেট থেকে ৭.৬৫ বোরের পিস্তলের গুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, জামায়াত-শিবির সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে তাঁরা জড়িত। এ জন্য তাঁদের নিজ এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে।এ ব্যাপারে থানায় গতকাল রোববার মামলা করার পর তাঁদের রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।