দৌলতদিয়ায় চরম ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দূরপাল্লার গাড়িগুলো গোয়ালন্দ ঘাট থেকে ৫-৬ কিলোমিটার দূরে নামিয়ে দেওয়ায় বাধ্য হয়ে যাত্রীরা হেঁটে ঘাটে যাচ্ছেন। ছবিটি গতকাল দুপুরে তোলা l ছবি: প্রথম আলো
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দূরপাল্লার গাড়িগুলো গোয়ালন্দ ঘাট থেকে ৫-৬ কিলোমিটার দূরে নামিয়ে দেওয়ায় বাধ্য হয়ে যাত্রীরা হেঁটে ঘাটে যাচ্ছেন। ছবিটি গতকাল দুপুরে তোলা l ছবি: প্রথম আলো

পদ্মার তীব্র ভাঙনে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের বেহাল দশা অব্যাহত রয়েছে। একটি ঘাট ঠিক করলে অন্যটি নষ্ট হয়ে যাচ্ছে। গতকাল শনিবার দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটের সড়ক ও জনপথ বিভাগের (সওজ) পাকা সড়কের সবটুকু নদীতে বিলীন হয়েছে গেছে। ভাঙনের কারণে ২ নম্বর ঘাটটি এখনো বন্ধ রয়েছে। এ ছাড়া নদীতে তীব্র স্রোতের কারণেও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

ঘাটের এই অচলাবস্থায় গতকাল সাত কিলোমিটার সড়কে যানবাহনের লম্বা সারি তৈরি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী যাত্রীরা।

গত শুক্রবার বিকেলে বন্ধ করে দেওয়া হয় ৪ নম্বর ঘাট। কয়েক ঘণ্টা পর তা পুনরায় চালু করা হলেও গতকাল তীব্র ভাঙনের কারণে ওই ঘাটের সঙ্গে সংযুক্ত পাকা সড়ক নদীতে বিলীন হয়েছে গেছে। পরে পাশে নির্মিত ইটের রাস্তা দিয়ে স্বল্পসংখ্যক গাড়ি ঝুঁকি নিয়ে ঘাটে ফেরিতে ওঠানামা করছে। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) এক কর্মকর্তা বলেন, ৪ নম্বর ঘাটের ইটের রাস্তার অবস্থা খুবই বাজে। সেখান দিয়ে কেবল ছোট যানবাহন ঘাটে যেতে পারছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বর্তমানে চারটির মধ্যে ২ নম্বর ঘাট বন্ধ রয়েছে। বাকি ১ ও ৩ নম্বর ঘাট চালু আছে। গতকাল দুপুরে ৪ নম্বর ঘাটে বালু ভর্তি জিও ব্যাগ ফেলানোর কাজ চলায় সেটি প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। ৪ নম্বর ঘাটটি সচল থাকলেও সওজ রাস্তা চলাচলের উপযোগী না হওয়ায় গাড়ি ফেরিতে ওঠানামায় সমস্যা হচ্ছে।

সওজ রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী খোন্দকার গোলাম মোস্তফা বলেন, ৪ নম্বর ঘাটের সওজের পাকা সড়কটি বিলীন হয়ে গেছে। কয়েক দিন আগে ইটের তৈরি রাস্তা দিয়ে বর্তমানে ফেরিতে গাড়ি চলাচল করছে। সড়ক আরও প্রশস্ত করার কাজ শুরু হয়েছে।

বর্তমানে কাজের অবস্থা জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পশ্চিমাঞ্চলের ফরিদপুরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, তিনটি ঘাটের কাছে গতকাল দুপুর পর্যন্ত ২ হাজার ৫৭৩ বস্তা জিও ব্যাগ ফেলা হয়েছে।

গতকাল সন্ধ্যায় ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ফেরিঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার পর্যন্ত অন্তত সাত কিলোমিটার রাস্তাজুড়ে গাড়ির দীর্ঘ সারি। ঢাকামুখী ছোট-বড় গাড়িগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এক সারি করে রেখেছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীবাহী গাড়িগুলো যাত্রীদের মাঝপথে নামিয়ে দিচ্ছে।