দৌলতদিয়ায় চারটির মধ্যে তিন ঘাটই বন্ধ, ভোগান্তি
পদ্মার ভাঙন ও বড় ফেরির ধাক্কায় পন্টুনের কবজা ভেঙে যাওয়ায় আজ রোববার সন্ধ্যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার চারটির মধ্যে দুটি ঘাট বন্ধ হয়ে গেছে।
এ ছাড়া দুই সপ্তাহের বেশি সময় ধরে ৪ নম্বর ঘাট বন্ধ রয়েছে। শুধু ২ নম্বর ছোট ঘাট দিয়ে সীমিত পরিসরে গাড়ি পারাপার হচ্ছে। গাড়ি পারাপার ব্যাহত হওয়ায় কয়েক শ গাড়ি আটকা পড়ায় যাত্রী দুর্ভোগ বেড়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শাহ আলম জানান, দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে ১ নম্বর ঘাটের রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে র্যামের নিচ থেকে কয়েক ফুট এলাকার মাটি ধসে যাওয়ায় ঘাট বন্ধ হয়ে যায়। দ্রুত পন্টুনটি ওপরের দিকে তুলে সংস্কারকাজ শুরু করা হয়েছে। রাত পৌনে আটটা পর্যন্ত ১ নম্বর ঘাটটি চালু হয়নি। তবে দ্রুত চালুর কথা জানান তিনি। ২ নম্বর ঘাটটি ছোট (ইউটিলিটি) ফেরির জন্য নির্মিত হওয়ায় সেখানে শুধু ছোট ফেরি ছাড়া বড় বা মাঝারি আকৃতির কোনো ফেরি ভিড়তে পারছে না। ৩ নম্বর ঘাটের সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বড় একটি ফেরির ধাক্কায় পন্টুনের ফিঙ্গার (কবজা) ভেঙে যাওয়ায় ঘাট দিয়ে গাড়ি পারাপার বন্ধ রয়েছে। এ ছাড়া গত ১৭ সেপ্টেম্বর থেকে ৪ নম্বর ঘাটের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সম্পূর্ণ পাকা সড়ক ধসে যাওয়ায় ওই দিন থেকে ঘাটটি বন্ধ রয়েছে। এখনো ঘাট চালু করা সম্ভব হয়নি।
রোববার রাত পৌনে আটটা পর্যন্ত চারটির মধ্যে শুধু একটি ছোট ঘাট চালু থাকায় যানবাহন পারাপার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে করে আটকা পড়ছে শত শত গাড়ি। দুর্ভোগের শিকার হচ্ছেন আটকে পড়া শত শত যাত্রী ও চালক।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, মাত্র একটি ছোট ঘাট চালু থাকায় গাড়ি পারাপার ব্যাহত হচ্ছে। ফেরির সংখ্যা পর্যাপ্ত থাকলেও শুধুমাত্র ঘাট সংকটের কারণে গাড়ি পারাপার ব্যাহত হচ্ছে। তবে ১ ও ৩ নম্বর ঘাটটি রাতেই চালুর চেষ্টা চলছে। বাকি ৪ নম্বর ঘাটের সড়কের কাজ করছে সওজ। দু-এক দিনের মধ্যে দুই সপ্তাহের বেশি সময় বন্ধ থাকা এই ঘাটটিও চালু হবে বলে আশা করি।