দৌলতদিয়ায় ছোট গাড়ির ব্যাপক চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌলতদিয়া ঘাটে ছোট গাড়ির প্রবল চাপ সৃষ্টি হয়েছে। আজ দুপুরে তোলা ছবি। ছবি: প্রথম আলো
দৌলতদিয়া ঘাটে ছোট গাড়ির প্রবল চাপ সৃষ্টি হয়েছে। আজ দুপুরে তোলা ছবি। ছবি: প্রথম আলো

রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পরিবহন ও মানুষের চাপ কমছে না। নদী পাড়ি দিতে পরিবহনের সঙ্গে সাধারণ মানুষও প্রতিযোগিতায় নেমেছে। তিন দিন ধরে এমন অবস্থা চলছে। আজ বৃহস্পতিবারও ফেরি ঘাট থেকে গাড়ির লাইন গোয়ালন্দ বাজারে চলে আসে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধ্য হয়ে ঘাটমুখী সব ব্যাটারিচালিত থ্রি হুইলার গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড থেকে বন্ধ করে দিয়েছে। এ ছাড়া ছোট গাড়ির চাপ রয়েছে অনেক। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ২০টি ফেরি চলছিল। চন্দ্রমল্লিকা নামের একটি ইউটিলিটি ফেরি গত মঙ্গলবার থেকে যান্ত্রিক ত্রুটিতে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রয়েছে। ২০-২১টি ফেরি এই নৌপথে আগে কখনো চলেনি। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী একদিকে নদীতে স্রোতের কারণে আগের চেয়ে সময় লাগছে বেশি। এমনিতেই ঈদের সময় গাড়ির চাপ বেড়ে যায়। এরপর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় অনেকে ওই নৌপথ পরিহার করে দৌলতদিয়া ঘাটের দিকে আসছে। এসব কারণে গাড়ির বাড়তি চাপ রয়েছে।

থ্রি হুইলার ঢুকতে না দেওয়ায় হেঁটে যাত্রীদের ঘাটে যেতে হচ্ছে। ছবি: প্রথম আলো
থ্রি হুইলার ঢুকতে না দেওয়ায় হেঁটে যাত্রীদের ঘাটে যেতে হচ্ছে। ছবি: প্রথম আলো

আজ দুপুরে দেখা যায়, ফেরি ঘাট ছেড়ে গাড়ির লাইন দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজারের কাছে এসে পৌঁছেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘাটমুখী কোনো থ্রি হুইলার গাড়ি যাত্রী নিয়ে ঢুকতে দিচ্ছে না। এসব গাড়ি গোয়ালন্দ বাজার হয়ে প্রায় ১০ কিলোমিটার পথ ঘুরে চর দৌলতদিয়া দিয়ে ক্যানাল ঘাটের কাছে গিয়ে থামছে। সেখানেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধায় যাত্রীরা হেঁটে ঘাটে পৌঁছাচ্ছে। প্রচণ্ড রোদ ও গরমে এসব যাত্রীর দুর্ভোগের সীমা নেই। এ ছাড়া ঘাটে যানজটের চাপ কমাতে প্রশাসন গোয়ালন্দ মোড় এলাকায় সাধারণ পণ্যবাহী গাড়িগুলোকে আটকে দিচ্ছে। সেখানে প্রায় দুই-তিন কিলোমিটারের মতো গাড়ির লম্বা লাইন তৈরি হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ জানান, ঈদের সময় সাধারণত গাড়ির চাপ পড়ে। এরপর শিমুলিয়ার রুট পরিহার অনেকে এদিকে আসায় আরও চাপ বাড়ছে। ছোট ও ব্যক্তিগত গাড়ির চাপ তুলনামূলক বেশি। এসব ছোট গাড়ি সামাল দিতেও হিমশিম খেতে হচ্ছে। যানজটের চাপ কমাতে তিন চাকার গাড়িগুলোকে বিকল্প পথ দিয়ে ঘুরে ঘাটে আসতে দেওয়া হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ঘাটে চাপ কমাতে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় সাধারণ পণ্যবাহী গাড়ি আটকে দেওয়া হচ্ছে। তাঁর মতে, সেখানেও তিন শতাধিক গাড়ি রয়েছে।