দৌলতদিয়ায় ছয় কিলোমিটার যানজট
ফেরিসংকটের কারণে গতকাল শুক্রবার রাজবাড়ীর দৌলতদিয়া থেকে গোয়ালন্দ বাজার পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ শনিবার থেকে অফিস করার জন্য গতকাল শুক্রবার থেকেই অনেক লোক রাজধানীর দিকে ছুটতে শুরু করেছেন। এ কারণে যাত্রীবাহী যানবাহনের চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১১টির মধ্যে ঈদের দিন সকাল থেকে ফেরি শাহ মখদুম যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে আছে। বাকি ১০টি ফেরির মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বিকল হয়ে পড়ে। প্রাথমিক মেরামত শেষে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এটি চালু করা হলেও এর আগে সকাল নয়টার দিকে ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিকল হয়ে পড়ে।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ফেরি বিকল হয়ে পড়ার কারণে দৌলতদিয়া প্রান্তে প্রায় ৫০০ যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।