দৌলতদিয়ায় ট্রাকজট!
‘শুক্রবার জুম্মার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় আসি। এই হানে আটকে দিলে দুই রাত মহাসড়কেই থাইকবার পর আইজ (রোববার) ভোরে ফজরের নামাজ শেষ কইরা ঘাটে আসি যানজটে আটকেছিলাম। পরে টার্মিনালের কাছে আইলে পুলিশের লোক আইসা বলে, এহন কবরস্থানে (দৌলতদিয়া ট্রাক টার্মিনাল) চলে যাও। কবরস্থানে গাড়ি লামাইয়া দিয়েছি। এখন ওপরে উঠব কবে আল্লাই জানে।’ গতকাল রোববার সকালে এভাবেই দুর্ভোগের কথা বলছিলেন যশোর-বেনাপোল থেকে মালবোঝাই করে চট্টগ্রামের উদ্দেশ্যে আসা ট্রাকের চালক জামাত আলী (৫০)। সকালের খাবারের জন্য রান্নার কাজ ট্রাকে বসেই করছিলেন তিনি। পাশে বসে থাকা চালকের সহকারী ভাত খাচ্ছিলেন। জামাত আলী আরও জানান, সকালে বিআইডব্লিউটিসির বুকিং কাউন্টার থেকে নিজেই ৯৬০ টাকার পরিবর্তে এক হাজার ৫০ টাকা দিয়ে টিকিট কাটেন। তবে মাঝেমধ্যে দালাল ছাড়া টিকিট কাটতে পারেন না।টার্মিনালের আঙিনায় আটকে থাকা আরেক ট্রাকের চালক জয়নদ্দিন বিশ্বাস জানান, ফরিদপুর থেকে মাল বোঝাই করে শুক্রবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় পৌঁছলে পুলিশ তাঁদের আটকে দেয় এবং আহলাদীপুর এলাকায় নিয়ে যায়। সেখানে দুই রাত থাকার পর গতকাল ভোরে ঘাটের কাছে এলে পুলিশ তাঁর ট্রাকটি টার্মিনালে নামিয়ে দেয়। তাঁর দাবি, তখন রাস্তা ফাঁকা ছিল। পরে টার্মিনালে থাকা অবস্থায় এক দালাল এক হাজার ১০০ টাকা দিয়ে টিকিট কেটে গাড়িতে দিয়ে যায়। গতকাল সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘাটে অপেক্ষা করে দেখা যায়, ফেরিঘাট থেকে লঞ্চঘাট মোড় পর্যন্ত এক সারিতে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় আটকে আছে। ওই মোড় থেকে পুরো মহাসড়ক একপ্রকার ফাঁকা। অথচ টার্মিনালের আঙিনায় গতকাল বিকেল সাড়ে চারটা পর্যন্ত দেড় শতাধিক ট্রাক আটকে রাখা হয়েছে। দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পার করার পর সুযোগ বুঝে টার্মিনাল থেকে ট্রাক কিছু কিছু করে ছেড়ে দেওয়া হবে। ট্রাক দিয়ে অহেতুক যানজট তৈরি করার কোনো মানে হয় না। টার্মিনালে দেড় শতাধিক ট্রাক আটকে রাখার সত্যতা নিশ্চিত করেছেন নৌ-পুলিশ ফাঁড়ির ওই কর্মকর্তা। দালালদের মাধ্যমে অতিরিক্ত অর্থ নিয়ে কাউন্টারে টিকিট দেওয়ার ব্যাপারে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, ‘ঈদের কয়েক দিন দালালদের উৎপাত তেমন দেখিনি। এখন নতুন করে তৎপরতা শুরু হয়েছে কি না, কেউ এ ব্যাপারে কোনো অভিযোগ করেনি।’