দৌলতদিয়ায় ট্রাকের চাপায় লঞ্চঘাটের কর্মচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ট্রাকের চাপায় রফিক মোল্লা (১৯) নামের দৌলতদিয়া লঞ্চঘাটের এক কর্মচারী নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রফিক দৌলতদিয়া অফিসার শেখের পাড়ার জামাল মোল্লার ছেলে। ঘটনার পর স্থানীয় জনতা ওই ট্রাকের চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে দৌলতদিয়ার বাইপাস সড়কের এক নম্বর ফেরিঘাটের কাছে দুই-তিনটি সারিতে যানবাহনগুলো একটি আরেকটির সঙ্গে মিশে দাঁড়িয়ে ছিল। রাত ১১টার দিকে নিরুপায় হয়ে রফিকসহ কয়েকজন ব্যক্তি যানবাহনের নিচ দিয়ে সড়ক পার হচ্ছিলেন। একপর্যায়ে ফেরিতে ওঠার জন্য যানবাহনগুলো চলতে শুরু করে। এ সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ২১টি গরু নিয়ে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রাকের নিচে রফিক চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা ওই ট্রাকের চালক মোশাররফ হোসেনকে (৩৮) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। মোশাররফের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার নারায়ণপুর গ্রামে। অভয়নগরে আহত ১৩: আমাদের অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, গতকাল শনিবার ভোরে উপজেলার তালতলা এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে পিকনিকের একটি বাসের ১৩ জন যাত্রী আহত হয়েছেন। পিকনিক শেষে কুয়াকাটা থেকে যশোর সদর উপজেলার ছিলুমপুর গ্রামের ৫০ জন তরুণ শুক্রবার রাতে বাড়ির উদ্দেশে রওনা হন। গতকাল ভোর পাঁচটার দিকে তাঁদের বহনকারী বাসটি তালতলা এলাকায় পৌঁছে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির ১৩ জন যাত্রী আহত হন। তাঁদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।