দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরিস্বল্পতা, ঘাট-সমস্যা ও পদ্মায় তীব্র স্রোতের কারণে তিন দিন ধরে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যানজট দেখা দিয়েছে। যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় যাত্রী ও চালকেরা অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। গতকাল বৃহস্পতিবারও দৌলতদিয়া ঘাটে পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে থাকতে দেখা যায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলের জন্য ১৩টি ফেরি বরাদ্দ থাকলেও প্রায় দুই বছর আগে এখান থেকে রো রো (বড়) ফেরি ‘শাহ মখদুম’ ও ‘ভাষা শহীদ বরকত’কে মাওয়া-চর জানাজাত নৌপথে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া প্রায় দেড় বছর আগে সংস্কারের জন্য ‘এনায়েতপুরী’ ও সর্বশেষ গত সপ্তাহে ‘খানজাহান আলী’ ফেরি দুটিকে নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে মেরামতের জন্য পাঠানো হয়। বাকি আটটি ফেরি এই পথে থাকলেও বিভিন্ন সময় নানা সমস্যার কারণে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফেরি বিকল হয়ে পড়ছে। ফলে ঘাটে যানবাহনের চাপ বেড়ে যানজট দেখা দেয়।গতকাল বেলা দুইটার দিকে দৌলতদিয়া থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার পর ফেরি ‘কেরামত আলী’র ইঞ্জিনে সমস্যা দেখা দিলে সেটিকে পাটুরিয়ার ভাসমান কারখানায় পাঠানো হয়। বর্তমানে সাতটি রো রো ও একটি মাত্র কে-টাইপ ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ঈদের আগেই দ্রুত ফেরি বাড়ানো না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। গতকাল সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত দৌলতদিয়া ঘাটে অবস্থান করে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় দুই কিলোমিটার পর্যন্ত যানবাহনের সারি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সারি আরও দীর্ঘ হচ্ছে। এ ছাড়া ফেরিঘাট থেকে টার্মিনাল পর্যন্ত মহাসড়কে দুটি সারি চোখে পড়ে। ঘাটে কর্তব্যরত নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আমিনুর রহমান বলেন, বিআইডব্লিউটিসির লোকজনের গাফিলতির কারণে হরহামেশাই ফেরিগুলো বসে থাকে। একই সঙ্গে বেহাল সড়কের কারণে বৃষ্টির মধ্যে প্রায়ই যানবাহন উল্টে গিয়ে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ছে। খুলনা থেকে আসা ট্রাকের চালক মকবুল হোসেন ক্ষোভের সঙ্গে বলেন, ‘ভাই, এসব ছবি তুইলা আর লেইখা কী করবেন? এই ঘাট সব চোর-চুট্টারা নিয়ন্ত্রণ করে। এদের কারণে ঘাট কোনো দিনই ভালো হবে না।’ বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ফেরিস্বল্পতার পাশাপাশি নদীতে প্রচণ্ড স্রোত রয়েছে। এতে একটি ফেরি পারাপার হতে দ্বিগুণ সময় লাগছে। মঙ্গলবার থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটেই যানজট দেখা দিয়েছে। এ ছাড়া অনেক গাড়ি এখন যমুনা সেতু দিয়ে না গিয়ে দৌলতদিয়া হয়ে পার হচ্ছে। তবে ঈদের আগেই আরও ফেরি বাড়ানোর ব্যাপারে কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।