দৌলতদিয়ায় দুই কিশোরী উদ্ধার গ্রেপ্তার ১
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে পাচারের উদ্দেশ্যে আনা দুই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সোমবার রাতে ওই যৌনপল্লির কাছের একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করে। এ সময় পুলিশ পাচারকারী দলের এক নারী সদস্যকে গ্রেপ্তার করে।উদ্ধার হওয়া দুই কিশোরীর বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়। এদের মধ্যে একজন গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিক। গ্রেপ্তার হওয়া পাচারকারী দলের নারী সদস্যের নাম লাকি বেগম (৩৮)। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জুইবাড়িয়া গ্রামে ।উদ্ধার হওয়া পোশাক কারখানার ওই শ্রমিক জানায়, ভালো কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে লাকি খাতুন তাকে তাদের গ্রামের বাড়ি থেকে আরও কয়েকজন কিশোরীকে এনে দিতে বলেন। পরামর্শ অনুযায়ী সে লাকিকে নিয়ে তাদের বাড়িতে যায়। পরে সে তার এক মামাতো বোনকে (১৪) লাকির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সোমবার লাকি তাদের কাজে যোগ দেওয়ার কথা বলে দৌলতদিয়া শহরের একটি বাড়িতে নিয়ে আসেন। গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক শামিমুল হক বলেন, সোমবার রাত আটটায় লাকির বোন জাহানারা বেগমের স্বামী কবির হোসেনের বাড়ি থেকে দুই কিশোরীকে উদ্ধার ও লাকিকে গ্রেপ্তার করা হয়।