দৌলতদিয়ায় দুই ঘাটের আরও ১২০ ফুট বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মার ভাঙনে দৌলতদিয়া ঘাটে চলছে অচলাবস্থা। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে অল্পসংখ্যক ফেরিতে অ্যাম্বুলেন্স ও ছোট গাড়ি পারাপার করা হচ্ছে। এ দৃশ্য গতকাল দুপুরের l প্রথম আলো
পদ্মার ভাঙনে দৌলতদিয়া ঘাটে চলছে অচলাবস্থা। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে অল্পসংখ্যক ফেরিতে অ্যাম্বুলেন্স ও ছোট গাড়ি পারাপার করা হচ্ছে। এ দৃশ্য গতকাল দুপুরের l প্রথম আলো

পদ্মার ভাঙনে রাজবাড়ীর দৌলতদিয়ার দুটি ফেরিঘাটের আরও প্রায় ১২০ ফুট অংশ বিলীন হয়ে গেছে। গতকাল মঙ্গলবারও চারটি ঘাটের মধ্যে কেবল ৩ নম্বর ঘাটের একটি র্যা ম দিয়ে সীমিত পর্যায়ে ছোট গাড়ি ও অ্যাম্বুলেন্স ফেরি পারাপার করা হয়েছে।
দৌলতদিয়া ফেরিঘাটের অচলাবস্থার কারণে গতকাল বিকেল পর্যন্ত তিন শতাধিক বাস-ট্রাক ও অন্য যানবাহন আটকা ছিল। এগুলোর মধ্যে শতাধিক বাস-ট্রাক আটকা আছে কয়েক দিন ধরে। বেশি দুর্ভোগে পড়ছেন বাসের যাত্রীরা। গত সোমবার রাতে বিলীন হয় ভাঙনের কারণে বন্ধ থাকা ১ ও ২ নম্বর ঘাট এলাকার আরও প্রায় ১২০ ফুট অংশ। ভাঙনের কারণে ৪ নম্বর ঘাটও বন্ধ রয়েছে। ৫ আগস্ট ১ নম্বর, ৩১ জুলাই ২ নম্বর ও ২৭ জুলাই ৪ নম্বর ঘাট বন্ধ হয়ে যায়। ৩ নম্বর ঘাটের একটি র্যা ম ৩ আগস্ট বন্ধ হয়ে গেছে।
গতকাল সন্ধ্যা নাগাদ ২ ও ৪ নম্বর ঘাট সচল করার আশা করা হলেও তা হয়নি। গতকাল রাতের মধ্যে একটি ঘাট চালু করতে চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্ট বিভাগ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শাহ আলম বলেন, সোমবার রাতে ১ নম্বর ফেরিঘাট ও এর সংলগ্ন সড়কের প্রায় ৮০ ফুট অংশ ভাঙনে বিলীন হয়েছে। একই রাতে ২ নম্বর ঘাটের প্রায় ৪০ ফুট বিলীন হয়। তিনি বলেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ গতকাল রাতের মধ্যে ৪ নম্বর ঘাট-সংলগ্ন সড়ক মেরামতের কাজ শেষ করতে পারলে তাঁরা রাতেই এ ঘাট দিয়ে ফেরি চালু করতে পারবেন বলে আশা করছেন। এটি চালু হলে ৩ নম্বর ঘাট মেরামতের কাজ শুরু করা হবে।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, ৩ নম্বর ঘাটের একটি র্যা ম দিয়ে ছোট গাড়ি ও অ্যাম্বুলেন্স ফেরিতে ওঠানামা করছে। একেকটি ফেরি এ ঘাটে ভিড়ছে দেড়-দুই ঘণ্টা পর। নদীর ওপারে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাওয়ার জন্য অসংখ্য মানুষ ফেরি আসার অপেক্ষায়। ১ নম্বর ফেরিঘাট সড়ক থেকে দৌলতদিয়া ক্যানাল ঘাট পর্যন্ত তিন শতাধিক যানকে পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায়। এগুলোর মধ্যে বেশ কিছু বাস ও পণ্যবাহী ট্রাক পাঁচ-ছয় দিন ধরে ঘাটে আটকে পড়ে আছে। আটকে পড়া বাসের যাত্রীরা ঝুঁকি নিয়ে লঞ্চ ও অন্যান্য বিকল্প পন্থায় নদী পার হচ্ছেন।
সাতক্ষীরার ভোমরা থেকে আসা পণ্যবোঝাই একটি ট্রাকের চালক মিঠু সরদার বলেন, টঙ্গীর উদ্দেশে ছেড়ে এসে বৃহস্পতিবার রাতে এ ঘাটে যানজটে আটকা পড়েন। ফেরির টিকিট পেলেও ফেরিতে উঠতে পারেননি। যশোর থেকে সবজি নিয়ে ঢাকার পথে রওনা করে শনিবার সন্ধ্যায় ঘাটে পৌঁছান আরেক ট্রাকচালক খোকন শেখ। ফেরি পারাপারের টিকিট কাটলেও নদী পাড়ি দিতে না পেরে পরদিন কম দামে পণ্যগুলো রাজবাড়ীতে বিক্রি করে দেন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম বলেন, ৪ নম্বর ঘাট চালুর চেষ্টা চলছে। ২ নম্বর ঘাটটি মোটামুটি চলাচলের উপযোগী থাকলেও তীব্র স্রোতের কারণে ফেরি ভিড়তে না পারায় পারাপার বন্ধ রয়েছে। ১ নম্বর ঘাটে ভাঙন অব্যাহত থাকায় এ মুহূর্তে চালু করা যাচ্ছে না।
ঘাট মেরামতে অনিয়মের অভিযোগ: ৪ নম্বর ঘাটের মেরামতকাজে রাজবাড়ী সওজ ইট, বালু ও বস্তা ফেলে কাজ করে চললেও ইটের মান নিয়ে স্থানীয় অনেকে অভিযোগ তুলেছেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও বাসিন্দা বলেন, ঘাট-সংলগ্ন সড়ক মেরামতে যে ইট ব্যবহার করা হচ্ছে সেগুলোর মান ভালো নয়।
সওজ রাজবাড়ীর উপসহকারী প্রকৌশলী ও কাজের তদারকি কর্মকর্তা মাহবুবুর রহমান দাবি করেন, বৃষ্টি ও বন্যার পানিতে ইটের রং অন্য রকম দেখাচ্ছে। মান যে খুব খারাপ তা নয়। দু-একটির সমস্যা থাকতে পারে। এ জন্য কাজের কোনো ক্ষতি হবে না।