
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের দুটি ঘাট গতকাল সোমবারও বন্ধ ছিল। শতাধিক ট্রাক ও যাত্রীবাহী বাস গতকাল দুপুরে ঘাটে নদী পারাপারের অপেক্ষায় ছিল। এদিকে ৪ নম্বর ঘাটের আরও ১৫ ফুট সড়ক পদ্মায় বিলীন হয়ে গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার জানান, দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে ২ নম্বর ঘাট ১১ সেপ্টেম্বর ও ৪ নম্বর ঘাটটি গত শনিবার মধ্যরাত থেকে বন্ধ। ৪ নম্বর ঘাটে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সড়কের প্রায় ১৫ ফুট অংশ গত রোববার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত নদীতে ধসে গেছে। সওজ এখনো সড়ক প্রশস্তকরণের কাজ শুরু না করায় ৪ নম্বর ঘাটটি চালু করা সম্ভব হচ্ছে না। ১ ও ৩ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ঈদের ছুটি শেষে এখনো মানুষ ও গাড়ির চাপ বেশি। এতে চালক এবং যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। এ ছাড়া ২ নম্বর ঘাটটি চালু করতে কাজ শুরু করা হয়েছে।
ঘাটে তদারকির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, ‘৪ নম্বর ঘাটে সওজের সড়কের পাশে থাকা সব দোকান দ্রুত সরিয়ে নিতে বলা হয়েছে। মঙ্গলবার দুপুরের আগেই সব সরিয়ে নেওয়া শেষ হলে সওজ দ্রুত কাজ করতে পারবে বলে আশা করছি।’