দৌলতদিয়ায় দুটি ঘাট বন্ধ, যানবাহনের দীর্ঘ সারি
পদ্মা নদীর পানি বৃদ্ধি ও ভাঙনের কারণে গতকাল বুধবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়ায় তিনটি ফেরিঘাটের মধ্যে দুটি বন্ধ রয়েছে। ফলে একটি ঘাট দিয়ে যানবাহন ফেরিতে ওঠানামা করছে। এ কারণে দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি দেখা দিয়েছে। গতকাল বুধবার সরেজমিন দেখা গেছে, পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় দৌলতদিয়ার ১ নম্বর ফেরিঘাটের সংযোগ সড়কের সঙ্গে সম্পৃক্ত পন্টুনের মাথা তলিয়ে গেছে। বুধবার সকাল নয়টার পর থেকে ওপরে ওঠানোর কাজ করায় ঘাটটি বন্ধ রাখা হয়। এ ছাড়া ৩ নম্বর ফেরিঘাটের পন্টুনের সঙ্গে সংযুক্ত সংযোগ সড়কের অনেকাংশ ভেঙে গেছে। এ কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এই ঘাটটিও বুধবার সকাল নয়টা থেকে বন্ধ রাখা হয়েছে। তবে খুবই প্রয়োজন না হলে সহজেই তিন নম্বর ঘাটে ফেরি ভেড়ানো হচ্ছে না। ফলে এখন মাত্র ২ নম্বর ঘাট দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা করছে। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘাটে দেখা গেছে, ফেরিঘাট থেকে শুরু করে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে পণ্যবোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের লম্বা সারি। এ সময় দৌলতদিয়ার ১ নম্বর ফেরিঘাটের পন্টুনটি ওপরে ওঠানোর জন্য প্রয়োজনের তুলনায় কমসংখ্যক শ্রমিক কাজ করছেন।যানবাহনের সিরিয়াল নিয়ন্ত্রণে ব্যস্ত দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. হাসানুজ্জামান বলেন, ‘সকাল থেকে এভাবেই কাদামাটির মধ্যে যানবাহনের সিরিয়াল নিয়ন্ত্রণ করতে হচ্ছে। অপরদিকে একই সঙ্গে তিনটি ঘাটের মধ্যে দুটি বন্ধ থাকায় যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। বেলা দুইটা বাজলেও এখন পর্যন্ত দুটি ঘাটের কোনোটিই চালু হয়নি।’ বিআইডব্লিউটিসির আরিচা এলাকার ব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার বলেন, ‘প্রয়োজনীয় উপকরণের (ইট, সুরকি, বালু) অভাবে দৌলতদিয়ার ১ নম্বর ঘাটটি উঁচু করতে দেরি হচ্ছে। আজ (বুধবার) বিকেলের মধ্যে একটি পকেট চালু করা সম্ভব হবে। বাকি পকেটটির কাজ সময়মতো সম্পন্ন করা হবে। তবে ভাঙনের কারণে ৩ নম্বর ঘাটে সহজেই ফেরি ভেড়ানো হচ্ছে না। বিপদে পড়লে খুবই ঝুঁকির মধ্যে ফেরি ভেড়ানো হচ্ছে। দু-একদিনের মধ্যে তিন নম্বর ঘাটটি উজানে ইউটিলিটি ফেরির জন্য নির্মিত ঘাটে স্থানান্তর করা হবে।’বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দ্রুত ৩ নম্বর ঘাটটি স্থানান্তরের জন্য বিআইডব্লিউটিএকে অনুরোধ করা হয়েছে। ঘাট ও ফেরিস্বল্পতার কারণে দৌলতদিয়ায় গাড়ির চাপ বাড়তে শুরু করেছে।’