দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি
রাজবাড়ীর দৌলতদিয়ায় গতকাল শুক্রবার গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। এর মধ্যে ছিল কয়েক শ ট্রাক। এসব ট্রাকের অধিকাংশই পণ্যবাহী।
বিআইডব্লিউটিসি ও ঘাট সূত্রে জানা গেছে, তিন দিনের হরতাল শেষে গত বৃহস্পতিবার থেকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা বিভিন্ন যানবাহনের সঙ্গে পণ্যবাহী ট্রাকও ছিল। সারা দিন দূরপাল্লার যাত্রীবাহী বাস পার হওয়ায় সাধারণ পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়। তবে অতি জরুরি পণ্যবাহী কিছু ট্রাক ছেড়ে দেওয়া হয়।
গতকাল বিকেলে ঘাটে গিয়ে দেখা যায়, ফেরিঘাট সড়কে ঘাট থেকে টার্মিনাল পর্যন্ত পণ্যবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার অপেক্ষায় রয়েছে। টার্মিনালের পর থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের আগ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কে শুধু পণ্যবাহী ট্রাক। যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রাকের চালক মনিরুজ্জামান বলেন, ‘লোহার কুচি বোঝাই ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোয়ালন্দ মোড় এলাকায় এলে পুলিশ ট্রাক আটকে দেয়। ঘাটে গাড়ির চাপ রয়েছে বলে তাঁদের রাতে আসতে দেয়নি। শুক্রবার ভোরে কিছু বকশিশ দিয়ে ঘাট থেকে দুই কিলোমিটার দূরে সিরিয়ালে আটকা পড়ি। এখনো ঘাট থেকে অনেক দূরে বসে আছি।’
বেনাপোল থেকে আসা আরেক ট্রাকের চালক হুমায়ুন গাজী বলেন, ‘বৃহস্পতিবার রাতে ঘাটে এসে আটকা পড়ি। শনিবার বিকেলের আগে ঘাট পার হওয়ার কোনো সম্ভাবনাই নেই।’
এদিকে শুক্রবার ঢাকায় আওয়ামী লীগের নেতা ও পরিবহন শ্রমিকনেতা মৃত্যুর ঘটনায় ঢাকা থেকে দুপুর পর্যন্ত কোনো দূরপাল্লার পরিবহন আসেনি। একইভাবে দক্ষিণাঞ্চলের অনেক জেলা থেকেও দূরপাল্লার যানবাহনের চাপ ছিল না।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার জানান, মূলত হরতাল শেষে একত্রে সব ধরনের যানবাহন ঘাটে আসায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। যাত্রীবাহী বাস কম। সাধারণ পণ্যবাহী বেশ কিছু গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।