দৌলতদিয়ায় পদ্মার ভাঙনের ঝুঁকিতে চারটি ফেরিঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা এলেই রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ভাঙন শুরু হয়। ভাঙনের মুখে এ বছর ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে দুটি ফেরিঘাট। কর্তৃপক্ষ বলছে, এখানকার চারটি ফেরিঘাটই পদ্মায় বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে।
ভাঙন রোধ ও নতুন ফেরিঘাট তৈরির অনুরোধ জানিয়ে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) একাধিকবার চিঠি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। কিন্তু ভাঙনরোধে এখনো কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
বিআইডব্লিউটিসি ও স্থানীয় সূত্র জানায়, ফেরিঘাট এলাকায় প্রতিবছর ভাঙন দেখা দেয়। গত বছরের ভাঙনে ২ নম্বর ফেরিঘাটের হাই ওয়াটার লেভেল (তীরের মূল সড়ক বরাবর) নদীগর্ভে বিলীন হয়। পরে সেটিকে লো-ওয়াটার লেভেলে (নদীপৃষ্ঠ বরাবর অর্থাৎ সর্বনিম্ন স্তর) নামানো হয়। আর গত ৬ মার্চ ঝোড়ো বাতাসে সব কটি ঘাটই ক্ষতিগ্রস্ত হয়। এরপর ২ নম্বর ঘাট প্রায় দুই সপ্তাহ বন্ধ ছিল। তখন অন্যান্য ঘাটে পাইলিং করে ও বালুর বস্তা ফেলে প্রাথমিক সংস্কার করে কাজ চালানো হয়। এখন সেসব ঘাটেও ভাঙন ধরেছে।
নদীভাঙন অব্যাহত থাকায় গত ২৪ মে ৪ নম্বর ইউটিলিটি ঘাটের পন্টুনটি সরিয়ে ২ নম্বর ঘাটে বসানো হয়। পরে পাটুরিয়া ঘাট থেকে পন্টুন এনে এক সপ্তাহ পর ৪ নম্বর ঘাটটি আবার চালু করা হয়। বর্তমানে চারটি ঘাটই চালু রয়েছে। কিন্তু বর্ষায় পদ্মার স্রোত ও পানিপ্রবাহ বাড়ায় যেকোনো মুহূর্তে ভাঙন ধরে সব কটি ঘাট বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম বলেন, বিআইডব্লিউটিএর হাইড্রোগ্রাফিক বিভাগের জরিপ অনুযায়ী দৌলতদিয়ার সব কটি ঘাট ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ১,২ ও ৩ নম্বর ঘাট বেশি ঝুঁকিতে রয়েছে। তাই বিকল্প ঘাট প্রস্তুত রাখার সুপারিশ করা হয়েছে। লঞ্চঘাট ও ১ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী স্থানে নতুন ফেরিঘাট তৈরি এবং ৮-১০ ফুট চওড়া করে পাকা সড়ক নির্মাণে সর্বশেষ গত ৬ এপ্রিল জেলা প্রশাসক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য দপ্তরে চিঠি দিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক।
সমস্যা সমাধানে চারটি ফেরিঘাটই মধ্যম স্তরে (বড় পন্টুন স্থাপনের উপযোগী স্তর) চালু করার অনুরোধ জানানো হয়েছে। গত সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে ঈদ প্রস্তুতির সভায় জেলা প্রশাসক এ অনুরোধ জানান। বর্তমানে ২ ও ৪ নম্বর ঘাট মধ্যম স্তরে চালু আছে। কিন্তু ঘাট দুটি ছোট হওয়ায় ফেরি পারাপারে সমস্যা হচ্ছে। আর ১ ও ৩ নম্বর ঘাট দুটি বড় হলেও হাই ও লো ওয়াটার লেভেলে থাকায় ফেরিতে যানবাহন ওঠানামায় সমস্যা হচ্ছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (মেরিন) আবদুস সোবাহান বলেন, ১ ও ২ নম্বর ফেরিঘাটের উজানে থাকা চরের একটি বড় অংশ গত বছর ভেঙে যায়। অবশিষ্ট অংশ এ বছর ভাঙতে শুরু করেছে। পানি বাড়ার সঙ্গে স্রোত হলে ওই পানি সরাসরি ঘাটে আঘাত হানবে। তা ছাড়া, বেলে-দো-আঁশ মাটির কারণেও বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নদী ভাঙতে শুরু করে।
সরেজমিনে দেখা গেছে, দৌলতদিয়া লঞ্চঘাট থেকে বাহিরচর দৌলতদিয়ার প্রায় আধা কিলোমিটারজুড়ে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে ১,২ ও ৩ নম্বর ঘাটের কয়েক শ মিটার ভেঙে গেছে। বিলীন হয়েছে ২ নম্বর ফেরিঘাটের সাবেক হাই ওয়াটার লেভেলের অনেক পাকা অংশ।
জানতে চাইলে বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসন, সওজ, বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর সমন্বয়ে ঘাট সচল থাকে। জেলা প্রশাসন জমি অধিগ্রহণ করার পর সওজ সড়ক পাকার কাজ করবে। এরপর বিআইডব্লিউটিএ নতুন ঘাট তৈরি বা স্থানান্তরের ব্যাপারে কাজ শুরু করতে পারবে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) রাজবাড়ীর উপবিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার রুমী বলেন, বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর চিঠি পাওয়ার পর প্রধান প্রকৌশলীর মাধ্যমে কাজের অনুমোদন চেয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।
যোগাযোগ করলে রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা বলেন, ‘ঘাট যাতে ঠিক থাকে সে জন্য সব কাজ করছি।’