দৌলতদিয়ায় ফেরি-সংকট যানবাহন পারাপার ব্যাহত
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি-সংকট ও সরু চ্যানেলের কারণে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। গত বুধবার থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দৌলতদিয়া প্রান্তে চার শতাধিক গরুবাহী ট্রাক ও বাস পারাপারের অপেক্ষায় ছিল।গতকাল সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, ৩ নম্বর ফেরিঘাটের সামনে খনন অব্যাহত রয়েছে। দুর্ঘটনা এড়াতে ওই ঘাটে সহজেই কোনো ফেরি ভিড়ছে না। এ ছাড়া ২ নম্বর ঘাট সোজা চ্যানেলটি সরু হওয়ায় খুবই ঝুঁকি নিয়ে ফেরি ও লঞ্চগুলো একত্রে আসা-যাওয়া করছে। ঘাট থেকে শুরু করে প্রায় তিন কিলোমিটার পথ পর্যন্ত চার শতাধিক গরুবোঝাই ট্রাক এবং মাঝেমধ্যে দূরপাল্লার যাত্রীবাহী বাস পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া পথে বর্তমানে নয়টি ফেরি দিয়ে গাড়ি পারাপার হচ্ছে। ওই ফেরিগুলোর মধ্যে গত মঙ্গলবার বিকেলে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়। সেটি পাটুরিয়ার ভাসমান কারখানায় মেরামত করা হচ্ছে। গত বুধবার বিকেলে খানজাহান আলী ফেরির ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। প্রাথমিকভাবে মেরামত শেষে রাত ১২টার দিকে ফেরিটি চালু হয়। এভাবে জোড়াতালি দিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলছে।