দৌলতদিয়ায় ফেরি স্বল্পতায় গাড়ির দীর্ঘ লাইন

ফেরি স্বল্পতার পাশাপাশি ফরিদপুরের চন্দ্রপুরী ওরস ফেরত বাড়তি গাড়ির চাপে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়েছে। লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার বিকেল পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় মহাসড়কে প্রায় তিন কিলোমিটার লম্বা গাড়ির লাইন দেখা যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৬টি ফেরি চলাচল করত। এর মধ্যে ১০টি রোরো (বড়) এবং বাকিগুলো কে-টাইপ (মাঝারি) ও ইউটিলিটি (ছোট) ফেরি। কিন্তু বেশ কয়েকটি ফেরি মেরামতের জন্য নারায়ণগঞ্জের ডক ইয়ার্ডে পাঠানো হয়েছে। ১০টি রোরো ফেরির মধ্যে গত দুই মাস আগে এনায়েতপুরী, দেড় মাস আগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, এক মাস আগে কেরামত আলী ও ১০-১২ দিন আগে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের চারটি বড় ফেরি ডক ইয়ার্ডে মেরামতের জন্য পাঠানো হয়। এতে করে দৌলতদিয়া ঘাটে যানবাহনের বাড়তি চাপ পড়ে যানজট সৃষ্টি হচ্ছে।
ছয়টি রোরো, দুটি কে-টাইপ ও পাঁচটি ইউটিলিটি ফেরি দিয়ে যানবাহন পারাপার অব্যাহত রয়েছে। এসব ফেরির মধ্যে প্রায় প্রতিদিনই এক-দুটি ফেরি যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতীতে বসে থাকছে। ফলে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে এবং উভয় ঘাটে যানজট সৃষ্টি হচ্ছে।
মঙ্গলবার বিকেলে ফেরিঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের স্থানীয় ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার গাড়ির লম্বা লাইন দেখা যায়। এর মধ্যে ফেরিঘাট থেকে ক্যানাল ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার লম্বা লাইনে দুই সারিতে গাড়ি আটকে ছিল। আটকে থাকা গাড়ির মধ্যে অধিকাংশ যাত্রীবাহী বাস ও চন্দ্রপুরীর ওরস ফেরত গাড়ি। এ ছাড়া পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানসহ অন্যান্য গাড়িও রয়েছে।
খুলনা থেকে ঢাকাগামী যাত্রী সোলায়মান সরদার জানান, ‘প্রায় তিন ঘণ্টা এখানে আটকে আছি। এসি বাসে এসেও কোনো লাভ হয়নি। এসি বাসের মধ্যে গরমে চুপচাপ বসে আছি। সাধারণ গাড়ির যাত্রী ও চালকদের কী অবস্থা একটু ভাবুন।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, প্রয়োজনের তুলনায় ফেরির সংখ্যা কম রয়েছে। পাশাপাশি চন্দ্রপুরীর ওরস ফেরত বেশ কিছু গাড়ির চাপ রয়েছে। এতে করে যানজটের সৃষ্টি হয়েছে।