দৌলতদিয়ায় ফেরিঘাট বিলীনের আশঙ্কা
উত্তাল পদ্মার ঢেউ এসে আছড়ে পড়ছে নদীর কিনারে। প্রচণ্ড স্রোত ও বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটটি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল রোববার ভোর পাঁচটা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেরামতের জন্য ঘাটটি বন্ধ রাখা হয়।গতকাল বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, গত বৃহস্পতিবার থেকে প্রতিকূল আবহাওয়ার কারণে দৌলতদিয়ার তিনটি ঘাটই ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে অবস্থিত মাঝারি আকারের ফেরির জন্য নির্মিত ৩ নম্বর ঘাটটির অবস্থা খুবই নাজুক। নদীর স্রোত ও ঢেউ আছড়ে পড়ায় সড়ক ও পন্টুনের মধ্যবর্তী অংশের সংযোগ সড়কটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংযোগ-সড়কের সামনের অংশের মাটি সরে যাওয়ায় গতকাল ভোর পাঁচটা থেকে ওই ঘাট দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা বন্ধ রাখা হয়। বেলা ১১টার দিকে পন্টুনের সামনের অংশে সংযোগ সড়কে মাটি ও সুরকি দিয়ে মেরামতের কাজ চলছে। দুপুর ১২টার দিকে ওই ঘাট দিয়ে প্রথম কে-টাইপ ফেরি যানবাহন নিয়ে ছেড়ে যায়। এ সময় ওই ঘাটে উপস্থিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘নদীর বড় বড় ঢেউ এসে এই ঘাটে আছড়ে পড়ছে। এ ছাড়া প্রচণ্ড স্রোতের কারণে ঘাটের পন্টুনের সামনের মাটি ভেঙে সরে যাচ্ছে। এতে আজ (রোববার) ভোর থেকে ফেরিতে যানবাহন ওঠানামা একপ্রকার বন্ধ হয়ে যায়। এভাবে চলতে থাকলে আগামী দু-তিন দিনের মধ্যে ঘাটটি হয়তো নদীতে বিলীন হয়ে যাবে।’ বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, গত কয়েক দিনের প্রাকৃতিক দুর্যোগের সময় ১ ও ২ নম্বর ফেরিঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত ওই দুটি ঘাটের মাত্র একটি করে পকেট কোনো রকম মেরামতের পর চালু রাখা হয়েছে। এর ওপর আবার ৩ নম্বর ঘাটটি নদীভাঙনের কারণে সম্পূর্ণ বিলীন হওয়ার উপক্রম হয়েছে। যেকোনো সময় ঘাটটি বন্ধ হয়ে যাবে বা নদীতে ভাসিয়ে নিয়ে যেতে পারে।গত বৃহস্পতিবার থেকে প্রাকৃতিক দুর্যোগের কারণে দফায় দফায় দীর্ঘ সময় ধরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। এতে উভয় পাড়েই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে কয়েক শ যানবাহন। হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়। গতকাল সকাল থেকে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে এলেও দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরিঘাটের অবস্থা নাজুক থাকায় আবারও চরম বিপর্যয় দেখা দিতে পারে।