দৌলতদিয়ায় ফেরির অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌলতদিয়ায় শুক্রবার থেকেই শুরু হয়েছে গাড়ির চাপ, যা অব্যাহত রয়েছে আজও। গতকাল শনিবার ঘাট এলাকা থেকে তোলা ছবি। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
দৌলতদিয়ায় শুক্রবার থেকেই শুরু হয়েছে গাড়ির চাপ, যা অব্যাহত রয়েছে আজও। গতকাল শনিবার ঘাট এলাকা থেকে তোলা ছবি। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটে কয়েক শ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে অধিকাংশই যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি। আজ রোববার সন্ধ্যায় ঘাট এলাকায় গিয়ে এ তথ্য জানা যায়। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা ঘাটে অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

খুলনা থেকে আসা হুমায়ুন কবির প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাত ১১টায় খুলনা থেকে তাঁর বাস ছাড়ে। আজ ভোর পাঁচটার দিকে তিনি দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছান। বেলা সোয়া তিনটার দিকে তাঁদের বাস ফেরিতে ওঠে। ঘাটে পারাপারের জন্য যাত্রীবাহী পরিবহনের দীর্ঘ লাইন থাকায় প্রায় ১০ ঘণ্টা তাঁকে ঘাটে অপেক্ষা করে দুর্ভোগ পোহাতে হয়। তাঁর মতো আরও অনেক যাত্রী একই ভাবে দুর্ভোগ পোহায় বলে জানান তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লি­উটিসি) ও ঘাট-সংশ্লি­ষ্ট সূত্রে জানা গেছে, ঈদুল আজহা ও দুর্গাপূজার ছুটি শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা দূরপাল্ল­ার যাত্রীবাহী বাসের চাপ রয়েছে। সেই সঙ্গে রয়েছে ছোট গাড়ির চাপও। আজ রোববার সন্ধ্যা পর্যন্তও এই চাপ অব্যাহত রয়েছে। গতকাল শনিবার সকালে একটি বড় ফেরি বিকল হলে যানবাহনের চাপ আরও বেড়ে যায়। এর ফলে ঘণ্টার পর ঘণ্টা ঘাটে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের।

সাকুরা পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক রাজু আহম্মেদ জানান, বরিশাল বা খুলনা থেকে ছেড়ে আসা দূরপাল্ল­ার যাত্রীবাহী বাসগুলোকে কমপক্ষে দুই থেকে তিন ঘণ্টা করে ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে। গত দুদিনের মতো রোববারও যানবাহনের চাপ থাকে। তবে সন্ধ্যার আগ থেকে কিছুটা কমতে শুরু করে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বলেন, শনিবার দুপুরে দুই নম্বর ফেরিঘাটের পন্টুনে সমস্যার কারণে ঘাটটি বন্ধ হওয়ার প্রায় চার ঘণ্টা পর সন্ধ্যা ছয়টার দিকে চালু হয়। কিন্তু ঘণ্টা তিনেক চলার পর আবারও একটি ফেরির ধাক্কায় ওই ঘাটের ডাউনের পকেটের পন্টুনে সমস্যা দেখা দেয়। এর ফলে দুই নম্বর ঘাটের একটি পকেট বন্ধ রেখে অপর পকেট দিয়ে যানবাহন ফেরিতে ওঠানামা করতে থাকে।  মেরামত শেষে আজ দুপুরের ওই পকেট আবার চালু করা হয়।

বিআইডব্লি­উটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, এই ঘাটে তিন দিন ধরে যানবাহনের চাপ অব্যাহত রয়েছে। আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এক হাজার ৮৮০টি যানবাহন দৌলতদিয়া দিয়ে ফেরি পার হয়।
এদিকে আজ সকাল নয়টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের একটি ফেরি বিকল হয়ে পড়লে যানবাহনের চাপ আরও বেড়ে যায়।

এদিকে, কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারপাড়া থেকে জিংলাতলী পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে আজ যানজট ছিল।