দৌলতদিয়ায় যানজট কাটেনি, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে গতকাল শনিবারও প্রায় দুই কিলোমিটার সড়কজুড়ে যানজট লেগে থাকে। এতে শত শত যাত্রীকে পোহাতে হয় চরম দুর্ভোগ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাওয়া-কাওরাকান্দিতে ঘাট সমস্যার কারণে কয়েক দিন ধরে ট্রাক পারাপার বন্ধ রয়েছে। এই কারণে সব ট্রাক পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট দিয়ে পার হচ্ছে। দৌলতদিয়া-পাটুরিয়া পথে সাতটি রো রো ও তিনটি কে-টাইপ ফেরি চলাচল করলেও গতকাল দুপুরের দিকে ফেরি কেরামত আলী বিকল হয়ে যায়। নারায়ণগঞ্জের ডকইয়ার্ড থেকে মেরামত শেষে বেলা ১১টার দিকে ভাষাশহীদ বরকত ও আমানত শাহ নামের দুটি রো রো ফেরি আনা হয়। আমানত শাহ ফেরিটি বিকেলের দিকে চালু করা হয়। কিন্তু বরকত নামের ফেরিটি আবার বিকল হয়ে পড়ে। ঈদুল আজহা সামনে রেখে পশুবাহী ট্রাকের সংখ্যা বাড়ায় দৌলতদিয়ায় তিন দিন ধরে যানজট তীব্র আকার ধারণ করেছে। গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, দৌলতদিয়া ফেরিঘাট থেকে প্রায় দুই কিলোমিটারের বেশি সড়কজুড়ে যাত্রীবাহী বাস ও পশুবাহী ট্রাক আটকে রয়েছে। আটকে থাকা এসব যানবাহনের চালক ও যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। এই সুযোগে কিছু দালাল ও কর্তব্যরত পুলিশ আর্থিক সুবিধা নিয়ে পণ্যবাহী কিছু গাড়ি ছেড়ে দেন বলে অভিযোগ পাওয়া যায়। রাজবাড়ীর পাংশা থেকে পেঁয়াজ ও রসুন বোঝাই করে মিনি ট্রাকচালক মিজানুর রহমান শুক্রবার রাত দুইটার দিকে দৌলতদিয়া ঘাটে পৌঁছান। গতকাল বেলা দুইটার দিকে ফেরিঘাটে আটকে থাকার সময় তিনি বলেন, তিনি চট্টগ্রামে যাচ্ছেন। ফেরিতে নদী পার হওয়ার জন্য স্থানীয় এক পরিচিত দালালের মাধ্যমে ৬২০ টাকার পরিবর্তে ৭৫০ টাকা দিয়ে তিনি টিকিট কাটেন। বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান বলেন, ঈদ সামনে রেখে কয়েক দিন ধরে অতিরিক্ত ২০০ পশুবাহী ট্রাক আসছে। এ ছাড়া ফেরির সংখ্যা কম ও মাওয়া-কাওরাকান্দি নৌপথে ট্রাক পারাপার বন্ধ থাকায় এখানে যানজট দেখা দিয়েছে। এখনো পাটুরিয়ার প্রান্তে দুই শতাধিক ট্রাক ও যাত্রীবাহী বাস আটকে আছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহামঞ্চদ চৌধুরী জানান, দৌলতদিয়া ঘাটের অবস্থা দেখে গোয়ালন্দ মোড় এলাকায় ট্রাক আটকে রাখা হচ্ছে। তবে শুক্রবারের চেয়ে গাড়ির সংখ্যা কমে গেছে।