দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধ ও হরতালের পর গতকাল শুক্রবার সকাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যানবাহন আসায় রাজবাড়ীর দৌলতদিয়ায় দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এতে যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
বিআইডব্লিউটিসি ও ঘাট-সংশ্লিষ্ট সূত্র জানায়, টানা অবরোধ ও হরতাল শেষে গতকাল সকাল থেকে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে বিভিন্ন ধরনের যানবাহন ঘাটে আসতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সারি দীর্ঘ হতে থাকে। দুপুর পর্যন্ত ফেরিঘাট থেকে ক্যানেল ঘাট পর্যন্ত যানবাহনের প্রায় দুই কিলোমিটার দীর্ঘ দুটি সারি ও ক্যানেল ঘাটের পর থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয় পর্যন্ত আরও দুই কিলোমিটার দীর্ঘ যানবাহনের একটি সারি সৃষ্টি হয়। এতে আটকা পড়ে অন্তত তিন শতাধিক গাড়ি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, টানা অবরোধ ও হরতাল শেষে একযোগে গাড়ি আসায় ঘাটে চাপ বেড়েছে। এ ছাড়া দৌলতদিয়ার ২ নম্বর ঘাটে গত রোববার দুপুরে ট্রান্সফরমার বহনকারী একটি ট্রেলার নদীতে পড়ে যাওয়ায় ঘাটটি বন্ধ ছিল। গতকাল বেলা দুইটার দিকে ট্রান্সফরমার তোলার পর ঘাটটি চালু করা হয়।