দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দৌলতদিয়ার কাছে ডুবোচরে বারবার ফেরি আটকা পড়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বৃহস্পতিবার রাত থেকে যানবাহনের দীর্ঘ সারি পড়ে গেছে।বিআইডব্লিউটিসি ও দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে পদ্মার পানি কমতে থাকায় দৌলতদিয়া ঘাটের কাছে ডুবোচর জেগে উঠেছে। এ কারণে অ্যাপ্রোচ (সংযোগ) চ্যানেলে ফেরি ঢোকার সময় বারবার চরে আটকা পড়ছে। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ও ফেরিগুলো ধারণক্ষমতার প্রায় অর্ধেক যান বহন করায় বৃহস্পতিবার রাত থেকে দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েক শ যানবাহন। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া পথে ১২টি ফেরির স্থলে নয়টি চলাচল করছে। বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার জানান, বৃহস্পতিবার রাতে চারটি ফেরি ডুবোচরে আটকা পড়ে। রাত দুটার দিকে পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে ডুবোচরে আটকা পড়ে ফেরি খানজাহান আলী। পরে বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজ রাত তিনটার দিকে ফেরিটি উদ্ধার করে। এর আগে দৌলতদিয়া থেকে পাটুরিয়া যাওয়ার পথে রাত একটার দিকে এই ফেরিটি একই স্থানে ডুবোচরে আটকা পড়ে। রাত নয়টার দিকে ফেরি শাহপরান দৌলতদিয়া ঘাটের কাছে ডুবোচরে আটকা পড়ে। বিআইডব্লিউটিসির দুটি জাহাজ রাত ১০টার দিকে এটি উদ্ধার করে। রাত আটটার দিকে ফেরি কেরামত আলী একই স্থানে ডুবোচরে আটকা পড়ে। সন্ধ্যা ছয়টার দিকে দৌলতদিয়া থেকে পাটুরিয়া যাওয়ার সময় ফেরি এনায়েতপুরী চরে আটকা পড়ে। নদীর পানি দ্রুত কমায় ফেরিগুলো অল্পসংখ্যক যানবাহন নিয়েও বারবার ডুবোচরে আটকা পড়ছে। গতকাল শুক্রবার দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, ঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ইউনিয়ন পরিষদ কার্যালয় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তায় কয়েক শ গাড়ির সারি। এর মধ্যে অধিকাংশ গাড়ি বৃহস্পতিবার রাত থেকে নদী পারের অপেক্ষায় রয়েছে। দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বারবার ফেরি ডুবোচরে আটকা পড়ায় ফেরিগুলো ধারণক্ষমতার অর্ধেকের কমসংখ্যক যানবাহন নিয়ে পার হচ্ছে। এ কারণে অনেক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে। দৌলতদিয়ায় গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত প্রায় ৪০০ যানবাহন নদী পারের অপেক্ষায় ছিল।