দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি
একটি ঘাট বন্ধ। পর্যাপ্ত ফেরি না থাকা এবং স্রোতের কারণে ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগায় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি পড়েছে। বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, দৌলতদিয়ায় পাশাপাশি তিনটি ফেরিঘাটের মধ্যে প্রায় এক মাস ধরে ১ নম্বর ফেরিঘাটের পকেটে (পন্টুনের কাছে) পলি জমায় সেখানে ফেরি ভেড়ানোর জন্য পর্যাপ্ত পানি নেই। এতে ফেরি ভেড়াতে সমস্যা দেখা দেওয়ায় বিআইডব্লিউটিএ ১৬ আগস্ট থেকে ওই স্থানের মাটি অপসারণে খননকাজ শুরু করে।গত বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, দুটি ঘাট চালু থাকলেও দৌলতদিয়া-পাটুরিয়ার পথে ১৩টি ফেরির স্থলে নয়টি ফেরি চলছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা গেছে, পারাপারের অপেক্ষায় দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে বাস ও ট্রাকের দীর্ঘ সারি।সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, স্বাভাবিক সময়ে ফেরি পারাপারে সময় লাগত আধা ঘণ্টা। কিন্তু নদীতে তীব্র স্রোত থাকায় এখন প্রায় সোয়া ঘণ্টা সময় লাগছে। তার ওপর ফেরি-সংকট তো আছেই। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান বলেন, ড্রেজিংয়ের কারণে ১ নম্বর ফেরিঘাটটি বন্ধ রাখতে হয়েছে। তাই বাকি দুটি ঘাটে ফেরি ভেড়ানোর সময় মাঝেমধ্যে সমস্যা দেখা দেয়। ১৩টি ফেরির মধ্যে বর্তমানে নয়টি ফেরি চালু আছে। আরও দুটি ফেরি দু-এক দিনের মধ্যে এই পথে চালানো সম্ভব হবে। তখন পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ কমে আসবে। তিনি দাবি করেন, গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঘাটে পারাপারের অপেক্ষায় শ দেড়েক গাড়ি ছিল।বিআইডব্লিউটিএর কেন্দ্রীয় কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ও দৌলতদিয়ায় খননকাজে নিয়োজিত কর্মকর্তা আবদুস সালাম বুধবার বলেন, আরও দুই-তিন দিন খননের পর কাজ শেষ হবে।