দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়াশায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় এবং আটরশির ওরস শেষ হওয়ায় গাড়ির বাড়তি চাপে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে দুই দিন ধরে যানজট দেখা দিয়েছে। গতকাল বুধবার ভোরের মধ্যে যানবাহনের এ সারি দৈর্ঘ্যে ছয় কিলোমিটার ছাড়িয়ে গেলেও দুপুরে সৃষ্টি হয় দুই-তিন সারি।বিআইডব্লিউটিসি ও ঘাটসংশ্লিষ্ট সূত্র জানায়, হঠাৎ করে ঘন কুয়াশা পড়ায় গত মঙ্গলবার ভোররাত থেকে সকাল নয়টা পর্যন্ত সাড়ে পাঁচ ঘণ্টারও অধিক সময় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকে। এতে করে দৌলতদিয়া-পাটুরিয়ায় যানজট দেখা দেয়। এদিকে মঙ্গলবার দুপুরের পর বিশ্ব জাকের মঞ্জিলের বার্ষিক ওরস থেকে ফেরত আসা বাসগুলো ঘাটে পৌঁছালে যানবাহনের সারি আরও দীর্ঘ হয়।গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘাটে অবস্থান করে দেখা যায়, দক্ষিণাঞ্চল থেকে আসা দূরপাল্লার বাস, পণ্যবাহী গাড়ির সঙ্গে ওরস-ফেরত গাড়ি যোগ হয়ে দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। ঘাট থেকে মহাসড়কের চার কিলোমিটারজুড়ে বাস ও ট্রাকের দু-তিনটি সারির সৃষ্টি হয়েছে।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, মঙ্গলবার কুয়াশার কারণে বেশ কয়েক ঘণ্টা ফেরি বন্ধ ছিল। তার ওপর দুপুরের পর ওরসের বাড়তি কয়েক শ গাড়ি ঘাটে পৌঁছায়। প্রতিদিনের নিয়মিত গাড়ি তো রয়েছেই, এসব কারণে ঘাটে যানজটের সৃষ্টি হয়।