দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি, জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের ছুটি কাটিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ নিজ কর্মস্থলে ছুটছে। গতকাল ছিল গত দুই দিনের তুলনায় বেশি ভিড়। মানুষের ভিড়ে লঞ্চঘাটের সেতু ও পন্টুনে দাঁড়ানোর জায়গাটুকু ছিল না। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট থেকে তোলা ছবি l প্রথম আলো
ঈদের ছুটি কাটিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ নিজ কর্মস্থলে ছুটছে। গতকাল ছিল গত দুই দিনের তুলনায় বেশি ভিড়। মানুষের ভিড়ে লঞ্চঘাটের সেতু ও পন্টুনে দাঁড়ানোর জায়গাটুকু ছিল না। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট থেকে তোলা ছবি l প্রথম আলো

ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে ফিরছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ। এ কারণে গতকাল সোমবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ছিল উপচে পড়া ভিড়। যানবাহনের সারি প্রায় চার কিলোমিটার দীর্ঘ হয়। যাত্রীদের পোহাতে হয় অবর্ণনীয় দুর্ভোগ।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার নানা ধরনের যানবাহনে করে মানুষ দৌলতদিয়া ঘাটে এসে নামছে। কেউ লঞ্চ, কেউবা ফেরিতে নদী পার হওয়ার চেষ্টা করে। ফেরির পাশাপাশি লঞ্চঘাটেও ছিল মানুষের উপচে পড়া ভিড়। টার্মিনাল এলাকায় পরিবহন থেকে নেমে হেঁটে কাঠের তৈরি সেতু দিয়ে লঞ্চঘাটের পন্টুনে পৌঁছাতে হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড়ও বেড়ে যায়। তাই সেতুটি পার হতে অনেক সময় লাগে। এরই মধ্যে টিকিট সংগ্রহের সময় থামতে গিয়ে যাত্রীরা আরও বিড়ম্বনার শিকার হয়। প্রচণ্ড গরমে তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
মাগুরার শালিখা থেকে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে কেরানীগঞ্জের উদ্দেশে ছুটছেন পোশাক কারখানার শ্রমিক আরিফুর রহমান। বাস থেকে নামার পর দুই হাতে দুটি ব্যাগ ও কাঁধে এক সন্তানকে নিয়ে হেঁটে প্রায় এক কিলোমিটার দূরের লঞ্চঘাটে যাচ্ছেন। প্রচণ্ড রোদ ও মানুষের ভিড় ঠেলে তাঁকে পন্টুনে পৌঁছাতে হয়। তাঁর মতো অবস্থা শত শত মানুষের।
লঞ্চঘাটের পন্টুনে দায়িত্বরত পুলিশের এক সদস্য বলেন, ‘সকালে যাত্রীর চাপ স্বাভাবিক ছিল। কিন্তু দুপুর থেকে এত যাত্রী কোত্থেকে এল, বুঝে উঠতে পারছি না। তারপর যাত্রীরা ঘাটে এসেই অস্থির হয়ে পড়ে। কে কার আগে লঞ্চে উঠবে, প্রতিযোগিতা শুরু করে।’
এদিকে দুপুর থেকে যানবাহনের সারি ক্রমে দীর্ঘ হতে থাকে। বিকেল চারটা পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাট থেকে শুরু করে চার কিলোমিটার দূরে গোয়ালন্দ ফিড মিল পর্যন্ত পৌঁছায় এ সারি। এসব যানের যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে হাঁসফাঁস করতে থাকে। অন্যদিকে যানবাহনের চাপে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় স্থানে জটলা সৃষ্টি হয়। এতে যাত্রীদের বাড়তি দুর্ভোগ পোহাতে হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, ঈদের পর আজ (সোমবার) যাত্রীর চাপ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। চাপের মধ্যে পুলিশ, আনসার ও রোভার স্কাউটের সদস্যরা খুবই দক্ষতার সঙ্গে তদারকি করে লঞ্চে যাত্রী তুলে দিচ্ছেন। পাশাপাশি নিয়মতান্ত্রিকভাবে ফেরিতে গাড়ি উঠছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, বর্তমানে ১৮টি ফেরি চলাচল করছে। ঈদের পর যাত্রী ও যানবাহনের চাপ অনেক বেশি। তবে ফেরি চলাচল স্বাভাবিক থাকলে রাতের মধ্যে সব গাড়ি পার করা সম্ভব হবে।