দৌলতদিয়ায় যৌনকর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যু
মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে এক যৌনকর্মীর মৃত্যু হয়েছে। আজ সোমবার এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই নারীর নাম সেলিনা বেগম (৩৮)। তিনি ওই পল্লির শিল্পীর ঘরে ভাড়া থাকতেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সোমবার সকাল সাড়ে আটটার দিকে পল্লির লোকজন সেলিনাকে তাঁর কক্ষের মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় স্থানীয় পাহারাদার ও দুই দোকানির সহায়তায় তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁরা সেলিনার মেঝেতে কয়েক পাতা ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখেছেন। 


গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুরুল ইসলাম বলেন, সেলিনাকে তিন পাতা ঘুমের ওষুধসহ হাসপাতালে আনা হয়। যারা তাঁকে হাসপাতালে এনেছেন, তাঁদের ভাষ্যমতে, ঘুমের ওষুধ সেবন করায় সেলিনার মৃত্যু হয়েছে। তবে লাশের থুতনির নিচে হালকা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কী কারণে সেলিনার মৃত্যু হয়েছে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।

এ ব্যাপারে চম্পা বেগম নামে যৌনপল্লির এক কর্মী থানায় অপমৃত্যুর মামলা করেছেন। তিনি বলেন, ‘সকাল সাড়ে আটটার দিকে ঘরের মেঝেতে সেলিনা যন্ত্রণায় ছটফট করছিলেন। এ অবস্থা দেখে আমরা দ্রুত তাঁর মাথায় পানি ঢেলে সুস্থ করে তোলার চেষ্টা করি। কিন্তু তিনি নিস্তেজ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন মিলে তাঁকে হাসপাতালে নিয়ে আসি।’

গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. সহিদুল ইসলাম বলেন, সেলিনার লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।