দৌলতদিয়ায় যৌনপল্লির পাহারাদারের ওপর ছাত্রলীগ নেতার হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লির পাহারাদারের ওপর মঙ্গলবার রাতে স্থানীয় ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাহারাদার মো. মানিক মোল্লাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, পূর্বশত্রুতার জের ধরে দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শুকুর আলীর নেতৃত্বে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ১০-১২ জনের একদল তরুণ যৌনপল্লির পাহারাদার মো. মানিক মোল্লার ওপর হামলা চালায়। এ সময় লাঠির আঘাতে মানিকের মাথা ফেটে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সূত্র আরও জানায়, ওই রাতেই শুকুর আলী ও তাঁর কয়েক বন্ধুর সঙ্গে যৌনপল্লির এক যৌনকর্মীর বাগিবতণ্ডা হয়। বিষয়টি জানতে পেরে কমিউনিটি পুলিশের (পাহারাদার) সদস্যরা সেখানে গিয়ে বিষয়টি আপস করে দিতে চাইলে শুকুর আলী তাতে অস্বীকৃতি জানান। পরে শুকুর আলীর নেতৃত্বে সুমন ও জুয়েলসহ একদল তরুণ এ ঘটনা ঘটায়। উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম বাতেন বলেন, বিষয়টি তাঁরা শুনেছেন। খোঁজখবর নিয়ে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, শুকুর আলীর বিরুদ্ধে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।